পিউ রিসার্চের গবেষণা
খ্রিষ্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা
বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন গবেষণা। আগামী কয়েক বছরেই বদলে যেতে পারে এ মানচিত্র। জন্মহার, বয়স, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তন হবে এ রূপান্তরের প্রধান কারণ। ২০৩৫ সালের মধ্যে বিশ্বে বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা। এ বিষয়ে পিউ রিসার্চের প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো। অনুবাদ করেছেন মো. আবু হুরাইরাহ্।
বহু শতাব্দী ধরে খ্রিষ্টধর্ম বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ধর্ম হিসেবে স্বীকৃত। কিন্তু ২০৩৫ সালের মধ্যেই সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবেন মুসলিমরা। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, দুই ধর্মের অনুসারীই বাড়ছেন, তবে মুসলিমরা বাড়ছেন দ্রুতগতিতে। বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম থাকবেন ৩৬০ কোটির বেশি, আর খ্রিষ্টান ৩০০ কোটির কিছু কম।
যে গবেষণা প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটির শিরোনাম ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ১৭ অংশের এ প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত—৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।
গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষ। হিসাবে ধরা হয়েছে ২০১টি দেশ ও ভূখণ্ড, যেখানে বিশ্বের ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষ বাস করেন। প্রতিবেদনটি লিখেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।
বিশ্বের জনসংখ্যা বাড়বে, তবে সব ধর্মের অনুসারী সমান হারে বাড়বে না
পিউয়ের হিসাবে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। এ হারের সঙ্গে তাল মেলাতে পারবে শুধু মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠী। খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ, মুসলিমদের ৮০ শতাংশ।
২০২০ সালে খ্রিষ্টান ছিলেন প্রায় ২৩০ কোটি আর মুসলিম ২০২ কোটি। মুসলিমরা বিশ্বের গড় হারের চেয়ে অনেক দ্রুত বেড়ে চলায় তাঁদের হার ২৬ থেকে ৩৬ শতাংশ হবে। খ্রিষ্টানরা প্রায় গড় হারে বাড়তে থাকায় তাঁদের অনুপাত ২৯ শতাংশেই থাকবে।
হিন্দুদের সংখ্যা বাড়লেও বিশ্বের জনসংখ্যায় তাঁদের অনুপাত কমবে। ইহুদিদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে। বৌদ্ধদের সংখ্যা ও অনুপাত—দুটিই কমবে।
বাহাই, তাওবাদী, জৈন, শিখ, লোকধর্মসহ অন্যান্য ধর্মের অনুসারীরা মিলিয়ে সংখ্যায় সামান্য বাড়বেন, তবে জনসংখ্যায় তাঁদের অনুপাত ২ শতাংশের নিচে নামবে। কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন, এমন মানুষের অনুপাতও ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে আসবে।
পিউয়ের হিসাবে ২০২০ থেকে ২০৭০ সাল—৫০ বছরে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। এ হারের সঙ্গে তাল মেলাতে পারবে শুধু মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠী। খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ, মুসলিমদের ৮০ শতাংশ।
অঞ্চল ও দেশভিত্তিক চিত্র
আগামী দশকগুলোতে বিশ্বের ছয়টি প্রধান অঞ্চলের প্রতিটিতে মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের হার বাড়বে। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চলে খ্রিষ্টানদের অনুপাত কমবে।
ইউরোপে ধর্মহীন মানুষের হার এক-চতুর্থাংশ থেকে বেড়ে প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছাবে এবং মুসলিমদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীনদের ছাড়িয়ে মুসলিমরা বৃহত্তম গোষ্ঠী হবেন এবং হিন্দুরা দ্বিতীয় বৃহৎ গোষ্ঠীতে পরিণত হবেন।
একই সময় উত্তর আমেরিকায় খ্রিষ্টানদের হার ৬৩ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে আসায় অঞ্চলটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
দেশভিত্তিক পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায়, ২০২০ সালে ১৯৪টি দেশে কোনো না কোনো একটি ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ (৫০ শতাংশ বা তার বেশি) ছিল, যা ২০৭০ সালে কমে ১৮৫টিতে দাঁড়াবে। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ১২০টি থেকে কমে ১১০টিতে নামবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির মতো দেশগুলো আর খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ থাকবে না।
অন্যদিকে আইভরি কোস্ট নতুন করে যুক্ত হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩টি থেকে বেড়ে ৫৪টিতে দাঁড়াবে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্ত হওয়ায় ধর্মহীন সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যাও বেড়ে ১৩টি হবে।
এ ছাড়া মঙ্গোলিয়া ও লাওস বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
এশিয়ায় মুসলিমদের দ্রুত বৃদ্ধি
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের বাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ২০২০ সালে এ অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি।
এ অঞ্চলে সবচেয়ে বড় হলো ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠী। অর্থাৎ যাঁরা জরিপ বা আদমশুমারিতে নিজেদের কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেন না। তাঁদের অনেকে নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে পরিচয় দেন, আবার কেউ শুধু বলেন, তাঁদের কোনো ধর্ম নেই।
পিউয়ের হিসাবে, ২০২০ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমন মানুষের সংখ্যা ছিল প্রায় ১৫০ কোটি। ২০৭০ সালে তা কমে ১১০ কোটিতে দাঁড়াতে পারে। চীনের জনসংখ্যা কমে যাওয়াও এ পতনের একটি বড় কারণ। কারণ, বিশ্বের ধর্মীয় পরিচয়হীন মানুষের বড় অংশের বসবাস চীনে।
এদিকে, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা বাড়বে দ্রুত। পিউয়ের পূর্বাভাস, ২০৪০ সালের মধ্যে তাঁরা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন। ২০৭০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে। ২০২০ সালের তুলনায় যা প্রায় ৬১ কোটি ৯০ লাখ বেশি। এ অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটি—পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
পিউয়ের গবেষণা বলছে, ২০৭০ সালে সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
সাব-সাহারান আফ্রিকাতেও মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি ৯০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। এ অঞ্চলের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৩৩ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হবে। একই সময় খ্রিষ্টানদের অংশ ৬২ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশ হতে পারে।
২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষ থাকবেন আফ্রিকা অঞ্চলে। সেখানকার বেশির ভাগ মানুষ খ্রিষ্টান বা মুসলিম। উচ্চ জন্মহার ও গড় আয়ু বৃদ্ধির ফলে দুই ধর্মের অনুসারীই বাড়বেন। বিপরীতে ইউরোপে জনসংখ্যা কমবে। বিশ্বের জনসংখ্যায় ইউরোপের অংশ ১০ শতাংশ থেকে নেমে হবে ৬ শতাংশ।
বাংলাদেশেও বদলাবে ধর্মীয় জনসংখ্যার অনুপাত
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর ৯১ দশমিক ১ শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। তখন মুসলিমদের অংশ বেড়ে হবে ৯২ শতাংশ।
অন্যদিকে হিন্দুদের অংশ ২০২০ সালের ৭ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাঁদের মোট সংখ্যা বাড়বে। পিউর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে।
২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। আর হিন্দু জনগোষ্ঠীর সংখ্যার দিক থেকে থাকবে তৃতীয় অবস্থানে। অর্থাৎ এ দেশে ধর্মীয় জনসংখ্যার অনুপাত কিছুটা বদলালেও মুসলিম ও হিন্দু—উভয় জনগোষ্ঠীর মোট সংখ্যাই বাড়বে।
ভারতে মুসলিমরা বাড়বেন, কমবে হিন্দুদের হার
২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৪ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে সংখ্যার হিসাবে হিন্দুদের জনসংখ্যা কমবে না; বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে তা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। ২০৭০ সালেও বিশ্বের সবচেয়ে বেশি হিন্দুর বসবাস থাকবে ভারতে।
ভারতে মুসলিমদের সংখ্যা ও মোট জনসংখ্যায় তাঁদের অংশ বা হার দুটিই বাড়বে। ২০২০ সালে দেশটিতে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। তখন দেশটির জনসংখ্যার ১৯ দশমিক ৬ শতাংশ হবেন মুসলিমরা; ২০২০ সালে এ হার ছিল ১৫ দশমিক ২ শতাংশ।
পিউয়ের হিসাব বলছে, ২০৭০ সালে বিশ্বে সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। এরপরের অবস্থানে থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
কেন বদলাচ্ছে চিত্র
গবেষকেরা বলছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার বদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা জনসংখ্যাতাত্ত্বিক কারণের। অনেকে মনে করেন, ধর্ম বদলই এর মূল কারণ। বাস্তবে ধর্ম বদলেরও প্রভাব আছে, তবে বেশির ভাগ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে।
গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে—বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।
এ শতকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোয় (সাব-সাহারা আফ্রিকা)। ২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষ থাকবেন এ অঞ্চলে। সেখানকার বেশির ভাগ মানুষ খ্রিষ্টান বা মুসলিম। তাই উচ্চ জন্মহার ও গড় আয়ু বৃদ্ধির ফলে দুই ধর্মের অনুসারীই বাড়বেন। বিপরীতে ইউরোপের জনসংখ্যা কমবে। বিশ্বের জনসংখ্যায় ইউরোপের অংশ ১০ শতাংশ থেকে নেমে হবে ৬ শতাংশ।
বয়সের কাঠামো
মুসলিমরা অন্য যেকোনো ধর্মীয় গোষ্ঠীর চেয়ে তরুণ। অর্থাৎ, অন্যান্য ধর্মের অনুসারীদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীতে কম বয়সী বা তরুণ-তরুণীর সংখ্যা ও অনুপাত সবচেয়ে বেশি।
২০২০ সালে মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর, অমুসলিমদের ৩৩ বছর। অর্থাৎ, বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার অর্ধেকের (৫০%) বয়স ২৪ বছর বা এর কম, আর বাকি অর্ধেকের বয়স ২৪ বছর বা এর বেশি। বিপরীতে মোট অমুসলিম জনসংখ্যার অর্ধেকের বয়স ৩৩ বছর বা এর কম এবং বাকি অর্ধেকের ৩৩ বছর বা এর বেশি।
পরিসংখ্যানে দেখা গেছে, মুসলিমদের এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের কম, আর বৌদ্ধ ও ধর্মপরিচয়হীনদের মধ্যে এ হার এক-পঞ্চমাংশের কম। ফলে মুসলিমদের বড় অংশ সন্তান জন্ম দেওয়ার বয়সে আছেন বা শিগগিরই সেই বয়সে পৌঁছাবেন।
বিশ্বজুড়েই মানুষ বয়স্ক হচ্ছেন। ৫০ বছর বা এর বেশি বয়সীদের অনুপাত ২০২০ সালের ২৪ শতাংশ থেকে বেড়ে ২০৭০ সালে হবে ৩৮ শতাংশ। তখনো মুসলিমরা সবচেয়ে তরুণ গোষ্ঠী থাকবেন, তবে ব্যবধান কমবে। ২০৭০ সালে ৫০ বছর ও তদূর্ধ্ব বয়সীরা হবেন মুসলিমদের ৩১ শতাংশ, খ্রিষ্টানদের ৩৪ শতাংশ।
জন্মের হার
মুসলিমদের জন্মহারও বেশি। ২০২০–২০২৫ সময়ে প্রতি মুসলিম নারীর গড় সন্তান ছিল ৩ দশমিক ১ (প্রজনন হার), অমুসলিমদের ২ দশমিক ০। অন্য গোষ্ঠীগুলোর হার এ রকম—খ্রিষ্টান ২ দশমিক ৫, ইহুদি ২ দশমিক ৩ (বিশ্বের গড়ের সমান), অন্যান্য ধর্ম ২ দশমিক ১, হিন্দু ১ দশমিক ৯, বৌদ্ধ ১ দশমিক ৬ এবং ধর্মপরিচয়হীন ১ দশমিক ৩।
২০২০–২০২৫ সময়ে মুসলিম মায়েরা সন্তান জন্ম দিয়েছেন আনুমানিক ২৫ কোটি ২০ লাখ, খ্রিষ্টান মায়েরা ২০ কোটি ৮০ লাখ। আগামী দশকগুলোয় জন্মের সংখ্যা বাড়তে থাকবে শুধু মুসলিমদের। অন্য গোষ্ঠীগুলোয় জন্মের সংখ্যা হয় স্থির থাকবে, নয়তো ধীরে ধীরে কমবে।
এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। গবেষণায় জন্মহারের হিসাবটি ২০২০–২০২৫ সময়ের হিসাবে দেওয়া হয়েছে। আর ২০৭০ সাল পর্যন্ত জনসংখ্যার পূর্বাভাস তৈরিতে ভবিষ্যতে জন্মহার কীভাবে বদলাতে পারে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকেরা ধরে নিয়েছেন, যেসব দেশে বর্তমানে জন্মহার বেশি, সেসব দেশে সময়ের সঙ্গে তা কমে আসবে।
পিউয়ের হিসাবে, ২০৭০ সালেও মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি থাকবে। তবে বর্তমানের তুলনায় তা কমে একজন নারীর গড়ে ২ দশমিক ২ সন্তানে দাঁড়াতে পারে।
২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৪ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে সংখ্যার হিসাবে হিন্দুদের জনসংখ্যা কমবে না; বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে তা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। ২০৭০ সালেও বিশ্বের সবচেয়ে বেশি হিন্দুর বসবাস থাকবে ভারতে।
গড় আয়ু
বিশ্বে গড় আয়ু ২০২০ সালে ছিল ৭২ বছর, ২০৭০ সালে হতে পারে ৭৯ বছর। অঞ্চলভেদে ফারাক থাকবে। ২০২০ সালে ইউরোপে মানুষের গড় আয়ু ছিল ৭৮ বছর, আর সাব-সাহারা আফ্রিকায় ৬১ বছর (বিশ্বের গড়ের নিচে)। ২০৭০ সালে ইউরোপে হতে পারে ৮৬ বছর, সাব-সাহারা আফ্রিকায় ৭০।
কোনো জনগোষ্ঠীর ধর্মভিত্তিক আয়ুর তথ্য নেই। তাই গবেষকেরা ধরেছেন, কোনো দেশের সব ধর্মের মানুষের আয়ু সে দেশের গড় আয়ুর সমান।
ফলে ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর আয়ুর ব্যবধান আসলে তাদের ভৌগোলিক অবস্থানেরই প্রতিফলন। ২০২০ সালে ইহুদিদের গড় আয়ু ছিল সবচেয়ে বেশি—৮০ বছর। এরপর ধর্মপরিচয়হীন (৭৮) ও বৌদ্ধ (৭৬)। মুসলিম (৬৮), হিন্দু (৭০) ও খ্রিষ্টান (৭১)—এ তিন ধর্মীয় জনগোষ্ঠীর আয়ু বিশ্বের গড়ের নিচে। ২০৭০ সালে খ্রিষ্টান ও মুসলিম—দুই গোষ্ঠীরই গড় আয়ু হতে পারে ৭৭ বছর।
ধর্ম বদল: শৈশবের ধর্ম ছাড়ছেন কারা
শৈশবের ধর্ম ছেড়ে প্রাপ্তবয়স্ক জীবনে অন্য ধর্ম গ্রহণ কিংবা কোনো ধর্মেই যুক্ত না থাকাকে গবেষণায় ‘ধর্ম বদল’ (রিলিজিয়াস সুইচিং) বলা হয়েছে। ‘ধর্মান্তর’ শব্দটি এড়ানোর কারণ, অনেকে শৈশবের ধর্ম ছেড়ে কোনো ধর্মেই যুক্ত থাকেন না। এ ছাড়া সাধারণত আনুষ্ঠানিক ঘোষণা বা আচার ছাড়াই এ বদল ঘটে। একই ধর্মের ভেতরের বদল, যেমন প্রোটেস্ট্যান্ট থেকে ক্যাথলিক এর আওতায় পড়ে না।
ধর্ম বদলের তথ্য এসেছে ২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে ১১২টি দেশ ও ভূখণ্ডে হওয়া জরিপ থেকে। শৈশবের ধর্মে থেকে যাওয়ার হার সবচেয়ে বেশি মুসলিম ও হিন্দুদের—৯৯ শতাংশ করে। এরপর ধর্মপরিচয়হীন (৯২ শতাংশ), খ্রিষ্টান (৮৫ শতাংশ), বৌদ্ধ (৮৩ শতাংশ) এবং অন্যান্য ধর্ম (৭৮ শতাংশ)।
গবেষণায় দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২০–২০২৫ সময়ে একজন মানুষ খ্রিষ্টধর্মে যুক্ত হলে ২ দশমিক ৩ জন তা ছাড়েন। ধর্মপরিচয়হীন ব্যক্তিদের ক্ষেত্রে ছাড়ার বিপরীতে যুক্ত হওয়ার অনুপাত ২ দশমিক ৪ জন।