পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এই দলগুলো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি কাজ করবেন। অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার আগে হাওড়ার কাজীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এবার পশ্চিমবঙ্গে বড় পরিসরে ছটপূজা উদ্‌যাপিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ৩৪ বছর শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে ওস্তাদ হলেও তিলক পরার কথা বললে মুখ ফিরিয়ে নেয়। অতীতে রামনবমীর মিছিল ও অন্যান্য হিন্দুধর্মীয় অনুষ্ঠানে সাবেক তৃণমূল সরকার বাধা দিত বলে অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে এ নিয়ে আর কোনো সমস্যা নেই। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় এবং ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সংখ্যালঘুরাও সরকারের সঙ্গেই আছেন।

আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংসের অভিযোগও আনেন শুভেন্দু। তিনি বলেন, ওই সরকার বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত তকমা দিলেও ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ জামাই আদরে সব সুযোগ-সুবিধা দিত। এ ছাড়া বিজেপিকে ‘অবাঙালিদের দল’ বলার পাল্টা জবাবে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূল ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধভাবে দেশের বাইরে পাচার করেছে।

পরে বাঁকুড়ার রায়পুরে আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে জঙ্গলমহলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বাম ফ্রন্ট ও তৃণমূল—উভয় আমলেই আদিবাসী-অধ্যুষিত এই অঞ্চল বঞ্চিত ছিল। গত অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি খরচের সমালোচনা করে তিনি ঘোষণা দেন, চলতি অর্থবর্ষের বাকি আট মাসে এই পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বোর্ড গঠনের কাজ শেষ হবে বলেও জানান তিনি।