ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট আঁকার সময় নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের নতুন তথ্য
ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’কে শিল্পীর কাল্পনিক সৃষ্টি বলে ধারণা করা হয়। তবে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা বলছে, এই চিত্রকর্ম ১৮৮৯ সালের জুলাই মাসের এক বাস্তব ভোরের আকাশের ওপর ভিত্তি করে আঁকা হতে পারে। দক্ষিণ কোরিয়ার একদল জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন, ভ্যান গঘের চিত্রকর্মে থাকা জ্যোতিষ্কের অবস্থান ১৮৮৯ সালের ২২ জুলাইয়ের ভোরের আকাশের সঙ্গে মিলে যায়। এত দিন চিত্রকর্মটি জুনে আঁকা হয়েছে বলে মনে করা হলেও নতুন সময়ের হিসাবে এক মাস পরে আঁকা হয়েছে।
নতুন গবেষণার তথ্যমতে, চিত্রকর্মে থাকা আকাশে ছবি কাল্পনিক ছিল না। এত দিন ফ্রান্সের আকাশের পুরোনো তারা বিন্যাসের সঙ্গে ছবির আকাশকে মেলানো যায়নি। জুলাই মাসে তারিখ পিছিয়ে দিলে দেখা যায় চাঁদ, শুক্র গ্রহ এবং হাইয়াডেস নামের তারার গুচ্ছ ভ্যান গঘ তাঁর জানালা থেকে দেখতে পেয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার কিউং হি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ইলাইজা জং-হিউন কিম বলেন, ‘আমি ১৩০ বছর আগে ভিনসেন্ট যেখানে দাঁড়িয়ে ছিলেন ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম।’ ১৮৮৯ সালের জুন ও জুলাই মাসের প্রতিদিনের ভোরের আকাশ পুনর্নির্মাণ করতে জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। চিত্রকর্মে চাঁদের অবস্থান শুক্র গ্রহের ওপরে দেখা যায়। গবেষণার সময় এমন একটি ভোরের সন্ধান করা হয়, যেখানে দুটি জ্যোতিষ্কই সংকীর্ণ ফ্রেমের ভেতরে অবস্থান করছিল। গবেষণায় মাত্র তিনটি তারিখের সঙ্গে মিল পাওয়া যায়। এর মধ্যে ২২ জুলাইয়ের সঙ্গে সবচেয়ে কাছাকাছি মিল দেখা যায়। এতে একটি হালকা চাঁদ, শুক্র গ্রহ এবং হাইয়াডেস তারাগুচ্ছ দেখা যায়। কিম বলেন, ‘এ বিষয়কে বিজ্ঞানের আওতায় আনতে আমাদের আকৃতির জ্যামিতি ও পরিসংখ্যান ব্যবহার করে চিত্রকর্মের তারার ধরন এবং বাস্তব আকাশের মধ্যকার সাদৃশ্যের পরিমাপ করতে হয়েছে। পুরো গবেষণা সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়েছে।’
আমস্টারডামের ভ্যান গঘ মিউজিয়াম এ গবেষণায় জড়িত ছিল না। নতুন তথ্যের বিষয়ে ভ্যান গঘ মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যান গঘ ১৮৮৯ সালের জুনে দ্য স্টারি নাইট এঁকেছিলেন বলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। জুনের শুরুতে পাওয়া একটি ক্যানভাসের ওপর ছবিটি আঁকা হয়েছিল। ২২ জুলাইয়ের দিকে শিল্পীর একটি গুরুতর মানসিক সমস্যা হয়েছিল, যার ফলে তিনি এক মাসেরও বেশি সময় ধরে ছবি আঁকতে পারেননি। এ বিষয়ে মিউজিয়ামের একজন মুখপাত্র বলেন, ভ্যান গঘ নিখুঁত হুবহু চিত্রায়ণ নিয়ে চিন্তিত ছিলেন না। চিত্রিত জ্যোতিষ্কের অবস্থান তাই কাজের তারিখ নির্ধারণের জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে না।
সূত্র: দ্য গার্ডিয়ান