গ্রামীণফোনের সম্মুখসারির কর্মীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু
গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের জন্য ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে গ্রামীণফোন। গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে বলে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের আওতায় ‘সুখী’ অ্যাপের মাধ্যমে সারা বছর ২৪ ঘণ্টা বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টরা। চিকিৎসা পরামর্শের ডিজিটাল প্রেসক্রিপশন সংগ্রহের পাশাপাশি তাঁরা স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ৪০ শতাংশ এবং অনলাইনে ওষুধ কেনাকাটায় সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পাবেন।
গ্রামীণফোনের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান সম্প্রতি এ বিষয়ে চুক্তি সই করেছেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ফারহা নাজ জামান, প্রধান পণ্য কর্মকর্তা সোলায়মান আলমসহ গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
ফারহা নাজ জামান বলেন, ‘ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টরা আমাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাঁরা প্রতিদিন আমাদের গ্রাহকদের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত থাকেন। তাই তাঁদের স্বাস্থ্য ও সুস্থতা আমাদের জন্য একটি প্রধান অগ্রাধিকার। গ্রামীণ হেলথটেকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা তাঁদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলছি। আমরা বিশ্বাস করি, ২৪/৭ ডাক্তারের পরামর্শ এবং অন্যান্য ডিজিটাল স্বাস্থ্যসেবা আমাদের ফ্রন্টলাইন টিমকে মূল্যবান সহায়তা প্রদান করবে।’
আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘গ্রামীণফোনের ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টদের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সহজেই স্বাস্থ্যসেবা সহায়তা নিতে পারবেন। উদ্যোগটি কীভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করা যায়, তার একটি উদাহরণ। আমরা আশা করি, এটি সারা দেশে গ্রামীণফোনের গ্রাহকদের সেবা দেওয়া মানুষদের স্বাস্থ্য ও সুস্থতায় ইতিবাচক অবদান রাখবে।’