আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি

আলভারেজকে দলে নেওয়ার চেষ্টার ঘটনায় জরিমানা দিতে হবে বার্সেলোনাকেরয়টার্স

জরিমানার অঙ্ক ৬০২ ইউরো। প্রতি ইউরো ১৩৮.২৫ বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার কিছু বেশি। আর এই জরিমানার রায়ের বিরুদ্ধেই আপিল করেছে এফসি বার্সেলোনা, সর্বশেষ অর্থবছরেও যে দলটি আয় করেছে প্রায় ১০০ কোটি ইউরো। তবে এই টাকাও দিতে রাজি নয় বার্সেলোনা। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।

জরিমানার রায় আর আপিলের ঘটনাটির কেন্দ্রে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। সর্বশেষ দলবদল মৌসুমে তাঁকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তাঁর ক্লাব আতলেতিকো মাদ্রিদের অভিযোগ, তাদের না জানিয়েই নিয়ম ভেঙে আলভারেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যেনতেন অভিযোগ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল।

ঘটনা তদন্তের পর স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনাকে জরিমানা করেছে। তবে অঙ্কটা এতই ছোট যে শাস্তির চেয়ে জরিমানার পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হাসাহাসি করছেন।

আরএফইএফ তদন্ত করে পেয়েছে, আতলেতিকোর অভিযোগ সঠিক। তাদের জানানোর আগেই আলভারেজের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। গত ১৫ মে আলভারেজের তৎকালীন এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে কথা হয়েছিল বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর। আতলেতিকোর সঙ্গে বার্সেলোনার প্রথম লিখিত যোগাযোগ হয় এর ১৩ দিন পর, ২৮ মে।

কিন্তু ফেডারেশন নিয়মভঙ্গের ঘটনা পেলেও সেটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেনি। আরএফইএফের শৃঙ্খলাবিধির ১৩৩ নম্বর ধারায় এটিকে ‘লঘু বিধিভঙ্গ’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে শাস্তিও কম। একই বিধির ৯৩ নম্বর ধারা প্রযোজ্য হলে শাস্তি আরও কঠোর হতে পারত। ওই ধারায় বিবেচনা করা হয় নিয়ম ‘জেনেশুনে ও বারবার’ লঙ্ঘনের ঘটনা।

তবে বার্সেলোনা সম্ভবত নিজেদের দায়ের বিষয়টি মানতে চাইছে না। যে কারণে জরিমানা যা–ই হোক, আপিলের কথা ভাবছে দলটি।

আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও আতলেতিকোর টানাপোড়েন অবশ্য নতুন নয়। রবার্ট লেভানডফস্কি চলে যাওয়ার পর তাঁর জায়গায় নতুন স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা। সেই চেষ্টায় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পেতে ১০ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল তারা। দলবদলের জানালা বন্ধ হওয়া পর্যন্ত প্রস্তাবটি বহাল রেখেছিল বার্সেলোনা। কিন্তু আতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল আঙ্গেল হিল মারিন সাফ জানিয়ে দেন, লা লিগার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন

আলভারেজ নিজেও দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। বিশ্বকাপের সময় ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর মনে হয়, দলবদল হলে তা সবার জন্যই ভালো হবে। পরে সূত্রের বরাতে জানা যায়, তাঁর পছন্দের গন্তব্য ছিল বার্সেলোনা। এ নিয়ে আতলেতিকোর সমর্থকদের ক্ষোভও তৈরি হয়েছিল। মৌসুমের শুরুতে তাঁকে দুয়ো শুনতে হয়েছে গ্যালারি থেকে।

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা বদলেছে। আতলেতিকোর হয়ে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন ২৬ বছর বয়সী আলভারেজ। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের জয়ে জয়সূচক গোল করার পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বিশ্বকাপের সময় দলবদল নিয়ে মন্তব্য করার প্রসঙ্গে আলভারেজ বলেছেন, কথাগুলো যেভাবে এবং যে সময়ে বলেছিলেন, সেটি ভুল ছিল। সমর্থকেরা কেন রাগ করেছেন, তা তিনি বুঝতে পারছেন বলেও জানিয়েছেন।

আলভারেজকে নিয়ে বিতর্কের পর বার্সেলোনা ও আতলেতিকো এখনো মুখোমুখি হয়নি। আগামী ৮ নভেম্বর মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লা লিগায় ১০ ম্যাচের আটটিতে জিতে আতলেতিকো দ্বিতীয় স্থানে আছে, শীর্ষে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে।

আরও পড়ুন