- সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- হারের পর কী ভাবছে শ্রীলঙ্কা
- রাকিব!
- চোট নিয়ে মাঠ ছাড়লেন সাদ
- ফারহান!
- এবং হামজা
- অসাধারণ হামজা
- আক্রমণ–পাল্টা আক্রমণ
- হামজার ব্যাক হিল
- কুলিং ব্রেক
- গেট ভেঙে ঢুকে পড়েছেন দর্শকরা
- একাদশে কারা
- মাঠ থেকে আরও...
- কথার লড়াই
- মাঠের কী হাল
- জয়–পরাজয়ের হিসাব–নিকাশ
- বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের লাইভ ব্লগে স্বাগত
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিল বাংলাদেশ
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল বাংলাদেশ। পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির দল। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধেই দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।
শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।
সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
১৪ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিনে প্রথম সেমিফাইনালে খেলবে ভারত–ভুটান।
হারের পর কী ভাবছে শ্রীলঙ্কা
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশ ভালো পারফর্ম করেছে। আমরা সুযোগ মিস করেছি, কিন্তু ফুটবলে এমন হতেই পারে। নিজেদের বক্সে আমরা ডিফেন্ড করতে পারিনি, আর ওদের বক্সে আক্রমণ। দুটি বক্সের পারফরম্যান্সই আসলে পার্থক্য করে দিয়েছে।
রাকিব!
ম্যাচের শুরু থেকেই খুব ভালো খেলেছেন রাকিব। দুর্দান্ত কিছু ক্রসও বাড়িয়েছেন, কিন্তু সেগুলো আর গন্তব্য খুঁজে পায়নি। কিন্তু এবার নিজেই গোল খুঁজে পেলেন।
বক্সের বেশ খানিকটা বাইরে বল পাওয়ার পর তিনি দৌড়ে পেছনে ফেলেন একজনকে। এরপর তাঁর সামনে ছিলেন শুধু গোলকিপার সুজন পেরেরা। চিপ করে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়েছেন রাকিব। অসাধারণ ফিনিশিং। শ্রীলঙ্কার জালে এক হালি গোল হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ ৪ : ০ শ্রীলঙ্কা
সুকি
৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন সুকি। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে তাঁর শট ঠেকিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।
চোট নিয়ে মাঠ ছাড়লেন সাদ
৭৬ মিনিটে গোড়ালিতে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন সাদ উদ্দিন। তাঁর চোখেমুখে হতাশার ছাপ দেখা গেছে। সান্তনা দিতে এগিয়ে এসেছেন হামজা চোধুরী। সাদের জায়গায় মাঠে নেমেছেন রহমত মিয়া। এদিকে কাজেম শাহর বদলি হিসেবে মাঠে এসেছেন জামাল ভূঁইয়া।
ফারহান!
অবিশ্বাস্য!
তিনজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেছেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তাঁর পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।
ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা। সেটি বোধ হয় তিনি প্রাপ্যই!
বাংলাদেশ ৩ : ০ শ্রীলঙ্কা
এবং হামজা
অধিনায়ক হিসেবে আজ প্রথম মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। নেতৃত্বের অভিষেকেই গোলও পেলেন। বাংলাদেশের হয়ে এটি তাঁর পঞ্চম গোল! সবগুলোই এই জাতীয় স্টেডিয়ামে।
অসাধারণ হামজা
৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর তাঁর শট শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে। হামজার দুর্দান্ত গোলে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।
পুরোটা সময়ই দাপট দেখিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলমুখে ১০টি শট করেছে তারা, ৩টি ছিল গোলে, দুটিই গোল হয়েছে। শ্রীলঙ্কা তাদের ৩ শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।
বাংলাদেশ ২ : ০ শ্রীলঙ্কা
আক্রমণ–পাল্টা আক্রমণ
৩৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। দারুণ একটা ক্রসও গিয়েছিল, কিন্তু তাতে কেউ পা ছুয়াতে পারেননি। তা করতে পারলেই গোলটা হয়ে যেত। একটু পরই আবার অবশ্য ফারহান আক্রমণে উঠেছিলেন, কিন্তু সেটিরও কোনো গন্তব্য ছিল না।
হামজার ব্যাক হিল
২৬ মিনিটে রাকিব আবার বল বাড়িয়েছিলেন দুর্দান্তভাবে। হামজাকে তিনি পেয়েও গিয়েছিলেন এবার। কিন্তু ততক্ষণে তাঁর সামনে এসে হাজির শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। পরে ব্যাক হিলে গোল করতে চেয়েছিলেন হামজা, তবে জাল খুঁজে পায়নি।
বাংলাদেশ ১ : ০ শ্রীলঙ্কা
কুলিং ব্রেক
ম্যাচের ২০ মিনিট পার হওয়ার পর কুলিং ব্রেক দেওয়া হয়েছে। এ সময় হামজাকে দেখা যাচ্ছে সতীর্থদের সঙ্গে কথা বলতে। তাঁর বাড়ানো বলেই শমিতের গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। যতক্ষণ খেলা হয়েছে, দাপটও তারাই বেশি দেখাচ্ছেন। ডানদিক থেকে কয়েকবারই ভয়ঙ্করভাবে এগিয়েছেন রাকিব, বলও বাড়িয়েছেন, তবে সবসময় তা তাঁর সতীর্থদের খুঁজে পায়নি।
গেট ভেঙে ঢুকে পড়েছেন দর্শকরা
জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের প্রতিবেদক জহির উদ্দিন জানিয়েছেন, স্টেডিয়ামের কয়েকটি গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েছেন অনেক দর্শক। পশ্চিম গ্যালারি ছাড়া বাকি গ্যালারিগুলো প্রায় পূর্ণ। মাঠের পারফরম্যান্সও জমজমাট। দর্শকরা তা মিস করতে চাইছেন না।
৮ মিনিটে গোল
হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় সোমের কাছে। তাঁর প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়েছেন। অষ্টম মিনিটে এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশ ১ : ০ শ্রীলঙ্কা
ফ্রি কিক
৪ মিনিটের সময় রাকিবের ক্রস হামজাকে প্রায় খুঁজেই পেয়েছিল। কিন্তু তাঁর জন্য বাধা হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেন। ফিরতি বল পাওয়ার পর রাকিবকে ফাউল করা হয়েছে বক্সের ঠিক সামনে। ফ্রি কিকে হামজার শট গোলবার খুঁজে পায়নি।
ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণ
প্রথম মিনিটেই আক্রমণে উঠেছে বাংলাদেশ। রাকিব বক্সের ভেতরে ক্রসও করেছিলেন। কিন্তু সেখানে কেউ ছিলেন না।
বাংলাদেশ ০ : ০ শ্রীলঙ্কা
শুরু হয়ে গেল ম্যাচ
দুই দলের ফুটবলাররা একটু আগে জাতীয় সংগীতপর্ব শেষ করেছেন। এরপর গোল হয়ে দুই দলই সেরেছে শেষ মুহূর্তের কথোপকথন। বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, শ্রীলঙ্কার সাত।
গোল করবেন কে
বাংলাদেশের ম্যাচ মানেই তো এখন এই দুশ্চিন্তা— গোল করবেন কে? সেটি ঠিক না করতে পেরে গত ম্যাচে রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে দিয়েছিলেন টমাস ডুলি। তবু তাঁর পা থেকে গোল আসেনি, গোল করেন আরেক স্ট্রাইকার ইব্রাহিম।
তবে একটা আশার কথা, ওই ম্যাচে বাংলাদেশের ‘হোম স্ট্রাইকার’ ছিলেন না। আজ আছেন। কে তিনি? তা জানতে পড়তে পারেন জহির উদ্দিনের এই লেখা।
নতুন অধ্যায়
আনুষ্ঠানিক ঘোষণাও চলে এল। বাংলাদেশের নতুন অধিনায়ক হামজা চৌধুরী। বাফুফে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘নতুন নেতা, নতুন অধ্যায়।’
একাদশে কারা
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা চৌধুরী ও ফারহান আলী। দুজনই ফিরেছেন শুরুর একাদশে। তাঁদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে।
আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। আজ তাঁকে শুরু থেকেই খেলাচ্ছেন কোচ। খেলবেন নম্বর নাইন পজিশনে। চোটের কারণে একাদশে নেই বিশ্বনাথ ঘোষ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।
মাঠ থেকে আরও...
জহির উদ্দিন জানালেন, ফুটবলারদের ওয়ার্ম আপ শুরু হয়েছে। তিন গোলকিপার সুজন হোসেন, মিতুল মারমা ও মেহেদী হাসান মাঠে নেমেছেন গোলকিপার কোচ ক্রিস্টিয়ান বারবুসচাকের সঙ্গে। দলের অন্য খেলোয়াড়েরাও একে একে মাঠে প্রবেশ করেছেন। শ্রীলঙ্কা দলও মাঠে এসে গেছে। জাতীয় স্টেডিয়ামের দুই প্রান্তে এখন ওয়ার্ম আপ করছে দুই দল।
আলোচিত শ্রীলঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরির গতিবিধি বোঝা দায়! কখনো মাঠে খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছেন, আবার একটু পরই চলে যাচ্ছেন ডাগআউটে। তাঁর সঙ্গে কথা বলছেন সহকারী কোচেরাও। এদিকে গ্যালারিতে দর্শকের ভিড় বাড়ছেই। ১৮ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামের বেশির ভাগই এখন পূর্ণ।
কথার লড়াই
ম্যাচ শুরুর আগে কিন্তু কথার লড়াইও বেশ উত্তাপ ছড়িয়েছে। তাতে যে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি ‘বক্স অফিস’ তা বোধ হয় এতক্ষণে জেনেও গেছেন। কাল তাঁর বলা কথাটা শুনুন—
যদি আমরা (বাংলাদেশের বিপক্ষে) জিতি, একটা কথা বলে রাখি—আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সাবধান থাকবেন!
বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি অবশ্য এসবে গা ভাসাতে রাজি না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সাফের ইতিহাসের সেরা ম্যাচ বলে দাবি করেছেন শ্রীলঙ্কার কোচ আল মুতাইরি। তবে ডুলি প্রথম আলোকে বলেছেন—
‘সেটা তাঁর (আবদুল্লাহ আল মুতাইরি) ব্যক্তিগত মত। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব।’
মাঠের কী হাল
জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের প্রতিবেদক জহির উদ্দিন জানিয়েছেন, দুই দলের খেলোয়াড়েরা মাঠে নেমে চারপাশ ঘুরে দেখেছেন। এরপর তারা ফিরে গেছেন ড্রেসিংরুমে। প্রথম দুই দিনের তুলনায় আজ দর্শকদের উপস্থিতি বেশি। এখনো অনেক দর্শক টিকিটের লাইনে দাঁড়িয়ে আছেন।
জয়–পরাজয়ের হিসাব–নিকাশ
শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের ১৮ দেখায় বাংলাদেশের জয় ১১টি, হার ৫টি, ড্র ২টি। সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে চারবার, হেরেছে একটিতে।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেই বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তবে আজ জিতলে কিংবা ড্র করলেই গ্রুপসেরা হবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটা অনেকটা ফাইনালের মতো। সেমিফাইনালে যেতে হলে তাদের জয় বা ড্র করতে হবে। দুই গোলের ব্যবধানে হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের লাইভ ব্লগে স্বাগত
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
এই ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন এই লাইভ ব্লগে।