- প্রথম দিনের খেলা শেষ
- আবার খেলা বন্ধ
- গ্রিভস+জাঙ্গু
- কী হচ্ছে সিলেটে
- জাঙ্গুর দ্বিতীয় সেঞ্চুরি
- সেঞ্চুরির পথে জাঙ্গু
- দ্বিতীয় সেশন শেষে
- উইকহ্যামকে ফেরালেন হাসান
- সুযোগ এসেছিল
- অভিষেকে ফিফটি
- শতরানের জুটি
- আমির জাঙ্গুর ফিফটি
- ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ ছাড়াল
- প্রথম সেশন শেষে...
- ক্লান্ত দুই পেসার, এরপর কী
- কে এই কেভিন উইকহ্যাম
- উইকেট নম্বর তিন
- হাসান ম্যাজিক
- তাসকিনের প্রথম আঘাত
- শুরুতেই সুযোগ নষ্ট
- সিলেটেও একই কম্বিনেশন
- সিলেটে শীতের আমেজ
- বাংলাদেশ একাদশ
- টস
- স্বাগতম
প্রথম দিনের খেলা শেষ
সিলেট টেস্টেও একই গল্প। আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হলো প্রথম দিনের খেলা। এদিন খেলা হয়েছে ৭০ ওভার। তাতে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৩৫ রান।
অথচ দলটির শুরুটা ভালো হয়নি। প্রথম ২৭ রানেই হারিয়েছিল ৩ উইকেট। তবে এরপরের গল্পটা শুধুই তাদের ব্যাটসম্যানদের। সেঞ্চুরি পেয়েছেন আমির জাঙ্গু। তিনি অপরাজিত ১১১ রানে। ফিফটি পেয়েছেন কেভিন উইকহ্যাম, ৬১ রানে আউট হয়েছেন তিনি। কাল জাঙ্গুর সঙ্গে ব্যাটিং শুরু করবেন জাস্টিন গ্রিভস। তিনি অপরাজিত ৩৫ রানে।
বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দুজনেই ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (জাঙ্গু ১১১*, উইকহ্যাম ৬১, গ্রিভস ৩৫*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৬১, হাসান ২/৫৮)।
আবার খেলা বন্ধ
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪
আবার আলোকস্বল্পতায় খেলা বন্ধ। আমির জাঙ্গু ১১১ রানে অপরাজিত, জাস্টিন গ্রিভস ৩৫ রানে অপরাজিত।
গ্রিভস+জাঙ্গু
সিলেটে খেলা আবার শুরু হয়েছে।
জাস্টিন গ্রিভস ও আমির জাঙ্গুর জুটি থেকেও এসেছে এখন পর্যন্ত ৭৭ রান।
কী হচ্ছে সিলেটে
হুট করেই অন্ধকার নেমে এসেছে। জ্বলে উঠেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইটও। এর মধ্যেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে কথা বলতে দেখা যায় আম্পায়ারদের। কিছুক্ষণ পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।
জাঙ্গুর দ্বিতীয় সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৫ ওভারে ২১৬/৪।
টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন আমির জাঙ্গু। বাঁহাতি এই ব্যাটসম্যান তিন অঙ্কের ঘরে গেছেন দারুণ এক ইনসাইড আউট শটে। তাঁর সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ।
সেঞ্চুরির পথে জাঙ্গু
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬০ ওভারে ২০৪/৪।
চা বিরতি শেষে তৃতীয় সেশনে ৫ ওভারের খেলা হয়েছে। ৯৪ রানে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন আমির জাঙ্গু। গ্রিভস ২২ রানে অপরাজিত।
দ্বিতীয় সেশন শেষে
দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট। ওয়েস্ট ইন্ডিজ করেছে ৯৪ রান। সেই হিসাবে এটাকে ওয়েস্ট ইন্ডিজেরই সেশন বলতে হবে। এই সেশনে বাংলাদেশের হয়ে একটি উইকেট নিয়েছেন হাসান। আউট করেছেন কেভিন উইকহ্যামকে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৫ ওভারে ১৮০/৪ (জাঙ্গু ৭৬*, উইকহ্যাম ৬১, গ্রিভস ১৬*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৫২, হাসান ২/৫৮, মিরাজ ০/২৬, তাইজুল ০/২৬, নাঈম ০/১৭)।
উইকহ্যামকে ফেরালেন হাসান
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৬৬/৪
কেভিন উইকহ্যামকে বোল্ড করলেন হাসান মাহমুদ। হাসানের লেংথ বল খেলার পথে উইকহ্যামের সামনের পা একটুও এগোয়নি। আগের ওভারে একের পর এক শর্ট বল খেলার প্রভাবটাই কি পড়ল? হতে পারে।
৬১ রানে ফিরেছেন উইকহ্যাম। জাঙ্গুর সঙ্গে ভেঙেছে ১৩১ রানের জুটি।
সুযোগ এসেছিল
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫১/৩
ক্যাচ ছাড়লেন হাসান মাহমুদ। তাঁর করা শর্ট বলে পুল করতে গিয়েছিলেন জাঙ্গু। কিন্তু টাইমিং করতে পারেননি। ব্যাটের একেবারে নিচের অংশে লেগে বল যায় বোলার হাসানেরই কাছে। নিচু হয়ে দুই হাত বাড়িয়ে ক্যাচটি নেওয়ার চেষ্টা করেছিলেন হাসান, কিন্তু বল জমাতে পারেননি।
অভিষেকে ফিফটি
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৪২/৩
কেভিন উইকহ্যামের শুরুটা হলো দুর্দান্ত। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন এই ব্যাটসম্যান। সেটাও এল চাপের মুখে।
শতরানের জুটি
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১ ওভারে ১২৯/৩
কী দারুণ শুরুই করেছিল বাংলাদেশ! ২৭ রানে তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট। তবে সেই শুরুটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো চাপের মুখে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েছেন জাঙ্গু ও উইকহ্যাম।
আমির জাঙ্গুর ফিফটি
চাপের মুখে ফিফটি পেলেন জাঙ্গু। টেস্টে এটি তাঁর দ্বিতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস। ৬ টেস্টের ক্যারিয়ারে এর আগে একবারই ৫০ ছাড়িয়েছিলেন এই বাঁহাতি, সেই ইনিংসে করেছিলেন ২৩৩ রান।
ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ ছাড়াল
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০ ওভারে ১০১/৩
আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের জুটি বাংলাদেশকে ভোগাচ্ছে। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৭৪ রান। দুজনেই খেলছেন সাবলীলভাবে। জাঙ্গু ৪১, উইকহ্যাম ৩৩ রানে অপরাজিত।
প্রথম সেশন শেষে...
প্রথম সেশনের শেষটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে।
আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে ৫৯ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাসকিন, হাসান নিয়েছেন এক উইকেট।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ মিলে ১০ ওভার বোলিং করেছেন, উইকেট পাননি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৮৬/৩ (জাঙ্গু ৩২*, উইকহ্যাম ২৭*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৩৬, হাসান ১/৩৩, মিরাজ ০/১৩, তাইজুল ০/৩)।
ক্লান্ত দুই পেসার, এরপর কী
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬ ওভারে ৬০/৩
সকালের সেশনের এক ঘণ্টা পেরিয়ে গেছে। প্রায় পুরোটা সময়ই বল করেছেন দুই পেসার। সিলেটের মেঘলা আবহাওয়ায় পেসারদের বলে দেখা গেছে বাউন্স ও মুভমেন্ট। তাতে এসেছে তিনটি উইকেটও।
তবে পেসারদের ওপর ক্লান্তির ছাপও স্পষ্ট। প্রায় প্রতি ওভারেই তোয়ালে হাতে তাসকিনের জন্য অপেক্ষায় ছিলেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও শরীফুল ইসলাম। ৭ ওভারের স্পেলের শেষ দিকে এসে বেশ ক্লান্তই মনে হয়েছে দুই উইকেট নেওয়া তাসকিনকে। তাঁর প্রান্ত থেকে দুই ওভার বিরতি দিয়ে এখন আক্রমণে আনা হয়েছে হাসান মাহমুদকে।
কে এই কেভিন উইকহ্যাম
আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্মার।
গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৩৯৩ রান করেন। ৭৮.৬০ গড় নিয়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর গড় ৪০.৮৮।
উইকেট নম্বর তিন
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/৩
দলে ফিরেই ইমপ্যাক্ট তৈরি করেছেন তাসকিন। এরইমধ্যে নিয়েছেন দ্বিতীয় উইকেট।এবার তাঁর শিকার জশুয়া ডি সিলভা। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তাসকিন।
নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিকভাবে বল করে যাচ্ছেন তাসকিন। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
১২ রান করেছেন সিলভা।
হাসান ম্যাজিক
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭ ওভারে ২১/২
দুই বল আগেও একই লেংথের একটি বল ছেড়েছেন। সেবার বেঁচে গেছেন। এবারের গল্প ভিন্ন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বলটি। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।
তাসকিনের প্রথম আঘাত
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১
ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।
কিং করেছেন ৯ রান।
শুরুতেই সুযোগ নষ্ট
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০
টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি।
সিলেটেও একই কম্বিনেশন
তিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।
সিলেটে শীতের আমেজ
সিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি। টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
টস
সিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
স্বাগতম
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেনের দল।