অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয়

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা বিভাগ। ড্র হয়েছে অন্য তিন ম্যাচ। শেষ দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন চট্টগ্রামের শাহ পরান।

টানা তৃতীয় মৌসুমে ডাবল সেঞ্চুরি পেলেন অমিত হাসানফাইল ছবি বিসিবি

ঢাকার প্রথম জয়

ইনিংস ব্যবধানেই জিতল ঢাকা বিভাগ। রাজশাহীতে রাজশাহীকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে চতুর্থ রাউন্ডে এসে মৌসুমের প্রথম জয় পেল দলটি। রাজশাহী পেল প্রথম হারের স্বাদ। জয়ের জন্য ৮ পয়েন্ট, ইনিংস ব্যবধানে জেতায় বোনাস ১—এই ম্যাচের ৯ পয়েন্টসহ ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ঢাকা। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে খুলনা।

৫ উইকেটে ২১৫ রান নিয়ে শেষ দিন শুরু করা রাজশাহী আজ ১১.৩ ওভার খেলেই ২৫৬ রানে অলআউট। ৬৪ রানে দিন শুরু করা সাব্বির রহমান দ্বিতীয় ওভারেই ফেরেন সেই ৬৪ রানেই। রাজশাহী শেষ ৪ উইকেট হারায় ১৬ রানে।

আরও পড়ুন

শাহ পরানের প্রথম সেঞ্চুরি, ১২ ছক্কা

গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে আউট হয়েছিলেন ৯১ রানে। সেই শাহ পরান এই সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি পেলেন তৃতীয় ম্যাচে এসে। আজ বগুড়ায় ময়মনসিংহের বিপক্ষে ১৬৩ রানে অপরাজিত ছিলেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান। সাতে নামা পরান ১৬৬ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১২ ছক্কা। দশম উইকেটে ইফরান হোসেনকে নিয়ে ৭৯ রান যোগ করেছেন পরান, যেখানে ইফরানের অবদান ৫ রান।

প্রথম সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের শাহ পরান
বিসিবি ফাইল ছবি

ম্যাচটি ড্র হয়েছে, তবে নাটকের কমতি ছিল না। চট্টগ্রাম দিন শুরু করেছিল ৬ উইকেটে ৪২৪ রান নিয়ে। পরান–ঝড়ে দলটির প্রথম ইনিংস শেষ হয় ৫৯৯ রানে। তাতে প্রথম ইনিংসে ১৩৩ রানের লিড পায় দলটি।  

দুপুর পৌনে দুইটায় দ্বিতীয় ইনিংস শুরু করা ময়মনসিংহ ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায়। আলোকস্বল্পতা বাঁচিয়ে দিয়েছে দলটিকে। বিকেল ৪–৩৫ মিনিটে যখন খেলা বন্ধ হয়ে যায় দলটির স্কোর ছিল ৬১/৫।

আরও পড়ুন

সিলেটে মিম ও নবীনের সেঞ্চুরি

সিলেটে বরিশাল–রংপুর ম্যাচও ড্র হয়েছে। বিনা উইকেটে ৫ রান নিয়ে দিন শুরু করা রংপুর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৮৮ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ওপেনার মিম মোসাদ্দেক ১২১ রান ও পাঁচে নামা নবীন ইসলাম করেছেন ১০৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে দুজনই পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মিম মোসাদ্দেক
বিসিবি ফাইল ছবি

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন অমিত হাসান। কক্সবাজারে আজ শেষ দিনটা ১৭১ রানে শুরু করেছিলেন সিলেটের ব্যাটসম্যান। অমিত ডাবল সেঞ্চুরি পাওয়ার পরই ৬৩২ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। খুলনা এরপর প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৯৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ম্যাচের প্রথম দিনটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি পাওয়া অমিত অপরাজিত ছিলেন ২০১ রানে। টানা তৃতীয় মৌসুমে ডাবল সেঞ্চুরি পাওয়া অমিতের ৩৩৫ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা। গতকালই সেঞ্চুরি পাওয়া আশরাফুল হাসান ফেরেন ১১৪ রানে।

আরও পড়ুন