সরাসরি

মির্জা ফখরুল পেলেন ২৫৫ ভোট, অলি আহমদ ৮৮

১১: ২৫

মির্জা ফখরুল পেলেন ২৫৫ ভোট, অলি আহমদ ৮৮

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন।

১১: ০৪

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ বিকেল পাঁচটায় শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় এই ভোটগ্রহণ শুরু হয়।

সিইসি এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দিয়ে বলেন, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা শুরু করবেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

১০: ৪০
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের সময় সংসদ কক্ষে নিজ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবন, ঢাকা, ২০ আগস্ট ২০২৬
ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ

সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

ভোটের শুরু থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে সংসদ কক্ষে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী নিজের আসনে যখন বসে ছিলেন, তখন তাঁর সামনে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাঁদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী বিকাল ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে যান। সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নেন।

সূত্র: বাসস

১০: ২০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না ইসলামী আন্দোলনের একমাত্র এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় এই নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠিয়ে এ কথা জানান ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

০৯: ৫৮

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন আগামীকাল সন্ধ্যায় 

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে বিকেল পাঁচটায়। নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

০৯: ৫১

৭০ অনুচ্ছেদ না থাকলে থাকলে রাষ্ট্রপতি পদ বেশি সম্মানিত হতো : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। পাশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
ছবি: বিএনপির ফেসবুক পেজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।

আজ দুপুরে জাতীয় সংসদের সংসদকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

০৯: ৪৫

৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ভোট দিচ্ছেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে।’

০৯: ২৬

অলি আহমদ নেই কেন 

কর্নেল (অব.) অলি আহমদ
ফাইল ছবি

আজকের ভোটে ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন। এ জন্য ভোটের সময় সংসদের সভাকক্ষে তাঁকে দেখা যায়নি। তিনি ভোটও দিতে পারবেন না। সংসদ সদস্য হওয়ায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।

০৮: ৪১

বিএনপির প্রার্থী মির্জা ফখরুলকে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

জাতীয় সংসদে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তাঁরা ভোট দিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোট দিচ্ছেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: বিএনপির ফেসবুক পেজ

তারপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

০৮: ২৫

ভোট দিচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা 

ভোট দিচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা
ছবি: সংসদ টিভি

ভোট দিচ্ছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন।

০৮: ১৮

একে একে ভোট দিচ্ছেন সরকারদলীয় সংসদ সদস্যরা

ভোট দিচ্ছেন সংসদ সদস্য সেলিমা রহমান
ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন। সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ একে একে সংসদ সদস্যরা ব্যালটপেপারে ভোট দেন। সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালটবাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।

ভোট দেওয়ার পর রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্যরা
ছবি: সংসদ টিভি

ভোট দেওয়ার পর সরকারদলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন। হাত মেলান।

০৮: ০৩

সংসদে বক্তব্য দিলেন সিইসি, জানালেন ভোট দেওয়ার নিয়ম 

বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন
ছবি: সংসদ টিভি

জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীরা। বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিইসি রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী , তাঁদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। তিনি সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন তার নিয়ম বলে দেন। ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষর করার কথা বলেন। ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখবেন তা বলে দেন। বিকেল পাঁচটার পর ভোট গণনা শুরু হবে বলে জানান।

০৭: ৩২

যেভাবে ভোট হবে 

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বর্তমানে সংসদের অধিবেশন চলমান না থাকায় ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনা করবেন সিইসি।

আরও পড়ুন

সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনের ভোটার। তাঁদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য নন। তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

আরও পড়ুন
০৭: ২৬

কিছুক্ষণ পরেই ভোট শুরু হচ্ছে 

৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। ভোট শুরু হতে আর বেশি দেরি নেই। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

আরও পড়ুন

নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।

আরও পড়ুন