বন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলো
নিজের পছন্দের খাবার বানানো থেকে বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানো, রান্নার শখটা এভাবেই বড় হয়েছে মীর মাহিম মেহেদী জিমের। একসময় বন্ধুরাই পরামর্শ দেন, এত ভালো রান্না যখন করো, একটা রেস্তোরাঁ খুলে ফেললেই তো পারো! সেই পরামর্শ থেকেই জন্ম ‘জিমিস’–এর।
মাত্র ৯ বছর বয়সে টেলিভিশনে ‘মাস্টারশেফ’ দেখে রান্না শুরু করেছিলেন মীর মাহিম মেহেদী জিম। নিজের পছন্দের খাবার বানানো থেকে বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানো, রান্নার শখটা এভাবেই বড় হয়েছে তাঁর। একসময় বন্ধুরাই পরামর্শ দেন, এত ভালো রান্না যখন করো, একটা রেস্তোরাঁ খুলে ফেললেই তো পারো!
সেই পরামর্শ থেকেই জন্ম ‘জিমিস’–এর। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি রেস্তোরাঁ চালাতে গিয়ে কম হিমশিম খেতে হয়নি জিমকে। একপর্যায়ে ব্যবসা বন্ধের কথাও ভেবেছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে এখন আবার স্বপ্ন দেখছেন রেস্তোরাঁটিকে আরও বড় করার।
রাজধানীর মিরপুর–৬ নম্বরে অবস্থিত জিমিস। বাইরে থেকে দেখে আর দশটা রেস্তোরাঁর মতোই মনে হতে পারে। কিন্তু ভেতরে ঢুকলেই বদলে যাবে ধারণা। ইউরোপীয় ধাঁচের অন্দরসজ্জা, খিলান আর দেয়ালজুড়ে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজের চরিত্রগুলো রেস্তোরাঁটিকে দিয়েছে আলাদা চেহারা।
‘রিক অ্যান্ড মর্টি’, ‘ফ্যামিলি গাই’, ‘দ্য সিম্পসনস’, ‘ফিউচারামা’ কিংবা ‘আর্চার’—কে নেই সেখানে! খাবারের পাশাপাশি এই অন্দরসজ্জাও ক্রেতাদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।
রেস্তোরাঁটির নাম এসেছে এর উদ্যোক্তার ডাকনাম থেকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মীর মাহিম মেহেদী জিম। শখের বশে শুরু করা রেস্তোরাঁটি এখন তাঁর ভালোবাসার জায়গা।
৯ বছর বয়সেই রান্নার শুরু
ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহ ছিল জিমের। নিজের পছন্দের খাবার খাওয়ার ইচ্ছা থেকেই মাত্র ৯ বছর বয়সে রান্না শিখতে শুরু করেন।
জিম বলেন, ‘আমার মা আমাকে বাসায় রেখে বড় ভাইকে মতিঝিলে স্কুল থেকে আনতে যেতেন। আগের দিনের রান্না খেতে আমার ভালো লাগত না। তখন টিভিতে “মাস্টারশেফ” দেখে আগ্রহ জন্মায়। মনে হতো, চাইলে তো আমিও পারব। সেখান থেকে দেখে দেখে নিজেই রান্না শুরু করি।’
স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়—সব সময়ই বন্ধুদের দাওয়াত দিয়ে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতে ভালোবাসতেন জিম। তাঁর রান্না খেয়ে বন্ধুরাই একসময় বলতে শুরু করেন, এত রেসিপি নিয়ে একটা রেস্তোরাঁ খুলে ফেললেই তো হয়!
সেই কথাই মাথায় গেঁথে যায় জিমের। নিজের রেস্তোরাঁ গড়ে তোলার স্বপ্নের শুরু সেখান থেকেই।
কেন নাম ‘জিমিস’
রেস্তোরাঁর নাম ‘জিমিস’ রাখার পেছনেও আছে ব্যক্তিগত একটি ভাবনা। জিম চেয়েছিলেন, এটি যেন শুধু খাবার বিক্রির জায়গা না হয়। এখানে এলে ক্রেতারা যেন কারও বাড়িতে দাওয়াত খেতে আসার মতো আন্তরিক আপ্যায়ন পান।
জিম বলেন, ‘ছোটবেলায় বন্ধুরা বলত, চল জিমির বাসায় যাই। ও খাওয়াবে। সবাই আমার বাসায় যেভাবে খেত, আমার রেস্তোরাঁয় এসে যেন সেভাবেই খেতে পারে, এই ভাবনা থেকেই রেস্তোরাঁর নাম রেখেছি নিজের ডাকনাম অনুসারে।’
মালিক হলেও জিমকে কখনো ক্যাশ কাউন্টারে বসতে দেখা যায়, কখনো আবার রান্নাঘরের কাজে হাত লাগান। রেস্তোরাঁয় যতক্ষণ থাকেন, ক্রেতাদের নিজের বাড়ির অতিথির মতো আপ্যায়ন করার চেষ্টা করেন।
দেয়ালে কার্টুন চরিত্রদের আসর
জিমিসের সবচেয়ে বড় আকর্ষণ এর অন্দরসজ্জা। ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি খিলান যেমন আছে, তেমনি এমিরেটস এয়ারলাইনসের লাউঞ্জ থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে ক্যাশ কাউন্টার।
তবে সবচেয়ে বেশি নজর কাড়ে দেয়ালজুড়ে আঁকা অ্যানিমেশন সিরিজের চরিত্রগুলো।
সেখানে আছে ‘আর্চার’ সিরিজের স্টার্লিং আর্চার, ‘ববস বার্গার্স’–এর বব বেলচার, ‘ফিউচারামা’র ড. জন জোয়েডবার্গ, ফিলিপ জে ফ্রাই, প্রফেসর হুবার্ট ফার্নসওয়ার্থ ও বেন্ডার।
‘রিক অ্যান্ড মর্টি’র রিক সানচেজ, জেরি স্মিথ ও মর্টি স্মিথের পাশাপাশি দেখা মিলবে ‘ফ্যামিলি গাই’–এর পিটার গ্রিফিন, ক্রিস গ্রিফিন, ব্রায়ান গ্রিফিন ও আর্নি দ্য জায়ান্ট চিকেনের। আছে ‘দ্য সিম্পসনস’–এর হোমার ও বার্ট সিম্পসনও।
ইতালীয় চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই ইলাস্ট্রেশন তৈরি করেছেন জিম নিজেই।
জিম বলেন, ‘এখানে যা কিছু দেখতে পাচ্ছেন, সব আমার নিজের হাতে তৈরি করা। আমার যা যা পছন্দ, দেশ–বিদেশ ঘুরে যা দেখে ভালো লেগেছে, তা–ই এখানে তৈরি করার চেষ্টা করেছি। এমনকি এই ইলাস্ট্রেশনও আমার নিজের হাতে তৈরি।’
পরিচিত কার্টুন চরিত্রগুলোর এমন উপস্থাপনা দেখে অনেক ক্রেতাই ছবি তুলতে আগ্রহী হন। খাবারের পাশাপাশি রেস্তোরাঁটির দেয়ালও তাই হয়ে উঠেছে ‘ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি’।
মেনুতেও নিজের পছন্দের ছাপ
শুধু অন্দরসজ্জা নয়, জিমিসের মেনুতেও নিজের ভাবনা কাজে লাগিয়েছেন জিম। রেস্তোরাঁটির অন্যতম আকর্ষণ ‘ব্যাডবয় বার্গার’। আকারে ছোট এই বার্গার এক কামড়েই খেয়ে ফেলার মতো। পাশাপাশি আছে সাধারণ আকারের বার্গার, দুই ধরনের পাস্তা, শেক ও বিভিন্ন সেট মেনু।
মেনুর প্রতিটি খাবারের রেসিপি তৈরি করেছেন জিম নিজেই। পরিচিত খাবারেও স্বাদ ও পরিবেশনায় ভিন্নতা আনার চেষ্টা করেছেন।
জিম বলেন, ‘ছোটবেলা থেকেই মনে হতো, অন্যরা যেটা করছে, সেটা আমি করব না। “মাস্টারশেফ”–এর রেসিপিও যখন বানাতাম, নিজে কিছু যোগ করার চেষ্টা করতাম। সেখান থেকে যখন রেস্তোরাঁ করছি, অবশ্যই ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি।’
ব্যবসা বন্ধের কথাও ভেবেছিলেন
২০২৫ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে জিমিস। প্রথম দিকে ব্যবসা বেশ ভালোই চলছিল। কিন্তু চলতি বছরের শুরুতে বিক্রি কমতে থাকে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি রেস্তোরাঁ পরিচালনার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছিল জিমের জন্য।
জিম বলেন, ‘এমনও দিন গেছে, সকাল সাড়ে ছয়টায় বাসা থেকে বের হয়েছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য। সেখান থেকে বের হয়ে সন্ধ্যা সাতটায় রেস্তোরাঁয় ঢুকেছি। সব কাজ করে বাসায় যেতে যেতে রাত ১২টা।’
এভাবে কয়েক মাস চলার পর ব্যবসায় মন্দা দেখা দেয়। একপর্যায়ে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার কথাও ভাবেন জিম। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে একদিন রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। তাতে লেখা ছিল, ‘তিন মাসে সেলস না বাড়লে রেস্টুরেন্ট বন্ধ।’
বিষয়টি মিরপুরের মানুষের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়।
এরপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে শুরু করে। পড়াশোনার শেষ পর্যায়ে এসে রেস্তোরাঁয় আগের চেয়ে বেশি সময়ও দিতে পারছেন জিম। ফলে ব্যবসার মন্দাভাবও কাটতে শুরু করেছে।
এখন জিমের পরিকল্পনা জিমিসকে আরও বড় করার। শুধু মিরপুরে নয়, রাজধানীর অন্য এলাকায়ও ছড়িয়ে দিতে চান নিজের হাতে গড়ে তোলা রেস্তোরাঁটি।
৯ বছর বয়সে নিজের পছন্দের খাবার রান্না করতে শেখা সেই ছেলে এখন স্বপ্ন দেখছেন আরও অনেক মানুষকে নিজের রান্না খাওয়ানোর।