বিভিন্ন দেশে খাওয়া নাদিরের পছন্দের পাঁচ খাবারের মধ্যে কী কী আছে
বাংলাদেশের ছেলে নাদির নিবরাস। ‘নাদির অন দ্য গো’ নামে ভ্রমণের ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছেন। বছরের পুরোটা সময় এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ান। বাংলাদেশের ঝালমুড়ি ও ফুচকা তাঁর পছন্দের স্ট্রিট ফুড। তবে বিভিন্ন দেশ ঘুরে কোন খাবারগুলো তাঁর পছন্দের তালিকায় আছে জানতে চেয়েছিলাম। সার্বিয়া থেকে হোয়াটসঅ্যাপে নাদির জানালেন তাঁর পছন্দের পাঁচটি খাবারের কথা। এখনো খাবারগুলোর স্মৃতি মনে করে তাঁর জিভে জল চলে আসে
১. রাইস বুরিতো
আমেরিকার চেইন রেস্তোরাঁ চিপোটলেতে গিয়ে প্রায় প্রতিদিন রাইস বুরিতো বোল খেতাম। যার মধ্যে নানা কিছু মিশিয়ে নেওয়া যায়। ভাত, মুরগি, গুয়াকামোলে, চিজ, বিনস, সাওয়ার ক্রিম দিয়ে খেতাম।
২. ট্যাকোস
দ্বিতীয় খাবারটির নাম হলো মেক্সিকান ট্যাকোস, এটা পৃথিবীর সেরা খাবারের একটি বলে আমার মনে হয়। এটা নানা রকম মাছ বা মাংসে তৈরি হয়। তবে আমার বেশি ভালো লাগে মুরগির মাংসে তৈরি টাকো দে পোইও। এটা নিজের মতো করে বানিয়ে খাওয়া যায়।
৩. খাও সোই
তিন নম্বরে রাখব থাইল্যান্ডের উত্তর দিকের একটি খাবার, নাম খাও সোই। এটা একধরনের নুডলস স্যুপ, তবে এর মধ্যে নারকেলের একধরনের ঝাল ঝাল সুস্বাদু কারি দিয়ে পরিবেশন করা হয়। এতে যেমন সেদ্ধ নুডলস থাকে, তেমনি ভাজা কিছু নুডলসও দেওয়া হয়।
৪. চেভাপি
চার নম্বর খাবারটির নাম বসনিয়াতে খাওয়া চেভাপি। খাবারটি গোটা বলকান অঞ্চলের জনপ্রিয় মাংসের পদ। এটা মূলত গ্রিলড মাংস। গরু অথবা ভেড়ার মাংস দিয়ে এটা বেশি তৈরি হয়। যার সঙ্গে থাকে কিছুটা সালাদ। এটিও খেতে খুব ভালো।
৫. কুরু ফাসুলে
আর শেষে যে নামটি বলব, সেটি টার্কিস খাবার কুরু ফাসুলে। যার মধ্যে একধরনের লাল শিমের সঙ্গে পিলাভি (পোলাও) ও ঝাল মিশিয়ে খেতে হয়। আমি তুরস্কে প্রায় পাঁচ মাস ছিলাম, এ সময়ে কুরু ফাসুলে যে কতবার খেয়েছি ঠিক নেই।