বিশ্বখ্যাত তিন ম্যাগাজিনের নভেম্বরের প্রচ্ছদ নিয়ে এত সমালোচনা কেন

তিনটি নামী ম্যাগাজিন। তিনজন তারকা; কিন্তু প্রচ্ছদের ছবিগুলো দেখলে মনে হতে পারে, একই শিল্পীর আঁকা তিনটি চিত্রকর্ম। ছবির রং, আলো-ছায়া, পোশাক আর মঞ্চের মতো সাজানো পটভূমিতে আশ্চর্য মিল। মজার বিষয় হলো তিনটি ছবির আলোকচিত্রীও একজনই; আর তা নিয়েই ফ্যাশনজগতে চলছে আলোচনা-সমালোচনা

‘ভোগ’–এর প্রচ্ছদে অভিনেত্রী জেনা ওর্তেগা, ‘এল’–এর প্রচ্ছদে অভিনেত্রী ও মডেল হান্টার শেফার এবং ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিনের ডিজিটাল প্রচ্ছদে সুপারমডেল জিজি হাদিদ
ছবি: ম্যাগাজিনের প্রচ্ছদ

২০২৬ সালের নভেম্বর সংখ্যার জন্য কাছাকাছি সময়ে প্রচ্ছদ প্রকাশ করেছে আমেরিকান ‘ভোগ’, ‘এল’ ও ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিন। ‘ভোগ’–এর প্রচ্ছদে অভিনেত্রী জেনা ওর্তেগা, ‘এল’–এর প্রচ্ছদে অভিনেত্রী ও মডেল হান্টার শেফার এবং ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিনের ডিজিটাল প্রচ্ছদে সুপারমডেল জিজি হাদিদ। তিনজনের ছবিই তুলেছেন হাঙ্গেরির ফ্যাশন আলোকচিত্রী সিলভেস্তার মাকো।

প্রচ্ছদগুলো কয়েক দিনের ব্যবধানে প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে, প্রতিদ্বন্দ্বী তিনটি ম্যাগাজিনের ছবিতে এত মিল কেন? এটি কি আলোকচিত্রীর নিজস্ব শৈলীর প্রভাব, নাকি নতুন ভাবনার অভাব?

ছবিগুলো যেন রংতুলিতে আঁকা

তিনটি প্রচ্ছদেই চিত্রকলার মতো একধরনের আবহ আছে। ফ্যাশন আলোকচিত্রে এমন শৈলীকে বলা হয় ‘পেইন্টারলি অ্যাসথেটিক’। অর্থাৎ ছবি দেখে মনে হতে পারে, সেটি ক্যামেরায় তোলা নয়, কোনো শিল্পীর রংতুলিতে আঁকা।

এ ধরনের ছবিতে আলোছায়া, রং, পোশাক, পটভূমি ও মডেলের ভঙ্গি এমনভাবে সাজানো হয়, যাতে পুরো দৃশ্যটি চিত্রকর্মের মতো দেখায়।

মাকোর কাজে রেনেসাঁ যুগের চিত্রকলার প্রভাবও চোখে পড়ে। ইউরোপে চতুর্দশ থেকে ষোড়শ শতক পর্যন্ত বিস্তৃত রেনেসাঁ যুগের চিত্রকলায় মানুষের অবয়ব, পোশাক, আলো-ছায়া ও দৃশ্যের গভীরতা বিশেষ গুরুত্ব পেয়েছিল। মাকোর ছবিতেও সেই ধ্রুপদি সৌন্দর্যবোধের সঙ্গে মিশেছে নাটকীয়তা ও কল্পনার আবহ।

আরও পড়ুন

ভোগের প্রচ্ছদে জেনা ওর্তেগা

‘ভোগ’–এর নভেম্বর সংখ্যার প্রচ্ছদে ২৪ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী জেনা ওর্তেগা
ছবি: ম্যাগাজিনের প্রচ্ছদ

‘ভোগ’–এর নভেম্বর সংখ্যার প্রচ্ছদে ২৪ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী জেনা ওর্তেগা। সাদা পোশাক, বেগুনি পটভূমি আর নাটকীয় সাজে তাঁকে যেন কোনো পুরোনো চিত্রকর্মের চরিত্র মনে হয়।

জেনা ওর্তেগার পরনে ফ্যাশন ব্র্যান্ড ডিওরের পোশাক। মুখে হালকা মেকআপ, ত্বকে দৃশ্যমান ছোট ছোট বাদামি ছোপ বা ফ্রেকলস। পুরো ছবিতে একধরনের কোমল অথচ নাটকীয় সৌন্দর্য।

ছবির পটভূমিও বিশেষভাবে তৈরি। এমনভাবে সাজানো হয়েছে, যেন সমতল জায়গার মধ্যেও গভীরতা আছে। চিত্রকলার এই কৌশলকে বলা হয় ‘ট্রম্প লয়েল’। এতে চোখে একধরনের বিভ্রম তৈরি হয়।

এলের প্রচ্ছদে হান্টার শেফার

‘এল’ ম্যাগাজিনের প্রচ্ছদে ২৮ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী ও মডেল হান্টার শেফার
ছবি: ম্যাগাজিনের প্রচ্ছদ

‘এল’ ম্যাগাজিনের প্রচ্ছদে ২৮ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী ও মডেল হান্টার শেফার। তাঁর পরনে সাদা-কালো নকশার পোশাক। সঙ্গে ব্যাগ ও বোনা কাপড়ের তৈরি দুটি ইঁদুর আকৃতির খেলনা।

ছবির পটভূমি গাঢ়। আলোও তীব্র নয়। মডেলের স্থির দৃষ্টি, পোশাকের নকশা আর সাজানো দৃশ্য মিলিয়ে ছবিটিতে পুরোনো দিনের প্রতিকৃতির আবহ তৈরি হয়েছে।

‘ভোগ’–এর প্রচ্ছদের সঙ্গে রং ও পোশাকের পার্থক্য থাকলেও দুটি ছবির নির্মাণশৈলীতে মিল স্পষ্ট। বিশেষ করে মঞ্চের মতো সাজানো পটভূমি, মডেলের ভঙ্গি এবং চিত্রকলার মতো উপস্থাপনা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রচ্ছদে জিজি হাদিদ

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিনের নভেম্বরের ডিজিটাল প্রচ্ছদে সুপারমডেল জিজি হাদিদ
ছবি: ম্যাগাজিনের প্রচ্ছদ

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিনের নভেম্বরের ডিজিটাল প্রচ্ছদে সুপারমডেল জিজি হাদিদ। তাঁর পরনে হালকা নীল রঙের পালকসজ্জিত পোশাক। পটভূমিতে বাক্সের মতো সাজানো ঘর, পাশে কাঠের টুল।

ছবিটি দেখলে মনে হতে পারে, কোনো ছোট মঞ্চে দাঁড়িয়ে আছেন জিজি। পোশাকের ভাস্কর্যসুলভ গড়ন, মলিন রং ও সাজানো পটভূমি ছবিটিকে বাস্তব আর কল্পনার মাঝামাঝি কোথাও নিয়ে গেছে।

‘ভোগ’ ও ‘এল’–এর প্রচ্ছদের মতো এখানেও আছে চিত্রকলার আবহ। তিনটি ছবি পাশাপাশি রাখলে মিলগুলো সহজেই চোখে পড়ে।

আরও পড়ুন

মিল থেকে সমালোচনা

তিনটি ম্যাগাজিনের প্রচ্ছদ প্রকাশিত হয়েছে কয়েক দিনের ব্যবধানে। প্রথমে ১৫ অক্টোবর জিজি হাদিদের ডিজিটাল প্রচ্ছদ প্রকাশ করে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিন। এরপর আসে ‘এল’–এর হান্টার শেফারের প্রচ্ছদ। ২২ অক্টোবর ‘ভোগ’ প্রকাশ করে জেনা ওর্তেগার প্রচ্ছদ।

এত অল্প সময়ের ব্যবধানে তিনটি বড় প্রকাশনায় একই আলোকচিত্রীর কাছাকাছি শৈলীর ছবি দেখে ফ্যাশনজগতের অনেকেই বিস্মিত হয়েছেন।

আমেরিকান সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’কে নাম প্রকাশ না করার শর্তে ফ্যাশনমাধ্যমের একটি সূত্র জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী ম্যাগাজিনগুলোর জন্য একই ধরনের ছবি তোলার বিষয়টি সংশ্লিষ্ট সম্পাদকীয় দলগুলোকে জানানো আলোকচিত্রীর দায়িত্ব ছিল।

তবে তিনটি প্রচ্ছদে মিল থাকলেই একটিকে অন্যটির নকল বলা যায় না। জিজি হাদিদের ফটোশুটের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তাঁদের কাজের পরিকল্পনা হয়েছিল মার্চে, ছবি তোলা হয় জুলাইয়ে। ওই সূত্রের মতে, ছবিগুলোর মিল আদতে মাকোর সুপরিচিত নিজস্ব শৈলীর প্রতিফলন।

একই আলোকচিত্রীকে কেন বেছে নেয় ম্যাগাজিনগুলো

একসময় বড় ফ্যাশন ম্যাগাজিনগুলোর সঙ্গে নির্দিষ্ট কিছু আলোকচিত্রীর দীর্ঘমেয়াদি সম্পর্ক থাকত। অনেক ক্ষেত্রে তাঁরা একটি প্রকাশনা বা প্রকাশনা প্রতিষ্ঠানের জন্যই কাজ করতেন।

এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। বহু নামী আলোকচিত্রী স্বাধীনভাবে বিভিন্ন প্রকাশনার সঙ্গে কাজ করেন। ফলে একই সময়ে প্রতিদ্বন্দ্বী ম্যাগাজিনগুলোও একজন আলোকচিত্রীকে কাজ দিতে পারে।

প্রকাশনার বাজেট কমে আসাও এই পরিবর্তনের একটি কারণ বলে মনে করেন ফ্যাশনজগতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। নির্দিষ্ট আলোকচিত্রীকে একান্তভাবে ধরে রাখার বদলে প্রয়োজন অনুযায়ী কাজ করানো অনেক প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক।

তবে এতে নতুন একটি প্রশ্নও তৈরি হয়েছে। একই আলোকচিত্রীর নিজস্ব শৈলী যদি বারবার বিভিন্ন ম্যাগাজিনে দেখা যায়, তাহলে প্রতিটি প্রচ্ছদের আলাদা পরিচয় কতটা বজায় থাকে?

কে এই সিলভেস্তার মাকো

হাঙ্গেরির আলোকচিত্রী ও শিল্পনির্দেশক সিলভেস্তার মাকো ফ্যাশনজগতে পরিচিত তাঁর স্বতন্ত্র দৃশ্যশৈলীর জন্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে

হাঙ্গেরির আলোকচিত্রী ও শিল্পনির্দেশক সিলভেস্তার মাকো ফ্যাশনজগতে পরিচিত তাঁর স্বতন্ত্র দৃশ্যশৈলীর জন্য।

সিলভেস্তার মাকোর ছবিতে মডেল শুধু সুন্দর পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়ান না; বরং পুরো দৃশ্যই হয়ে ওঠে একটি শিল্পকর্ম। হাতে তৈরি সেট, অপ্রচলিত পোশাক, আলোছায়ার খেলা, পুরোনো দিনের আবহ আর নাটকীয় ভঙ্গি—সব মিলিয়ে তৈরি হয় অন্য রকম এক জগৎ।

মাকো একসময় চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। সেই আগ্রহের ছাপ আছে তাঁর আলোকচিত্রেও। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কল্পনার জগৎ তৈরির বদলে বাস্তব সেট ও উপকরণ ব্যবহার করে পরাবাস্তব দৃশ্য নির্মাণে তিনি বিশেষভাবে পরিচিত।

মাকোর এই শৈলীই তাঁকে জনপ্রিয় করেছে। আবার সেই একই শৈলীর পুনরাবৃত্তিই এখন আলোচনার বিষয়।

তিনটি প্রচ্ছদ ঘিরে বিতর্ক তাই শুধু একজন আলোকচিত্রীকে নিয়ে নয়। ফ্যাশনজগতের সামনে প্রশ্নটি আরও বড়, একজন শিল্পীর স্বতন্ত্র শৈলী কতবার ব্যবহার করলে তা নতুনত্ব হারাতে শুরু করে?

সূত্র: পেটাপিক্সেল, পেজ সিক্স, ভোগ ও পিটিটিএল

আরও পড়ুন