‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

‘দেওয়ান গাজীর কিসসা’র মহড়াপ্রাঙ্গণেমোরের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেওয়ান গাজীর কিসসা’র প্রদর্শনীর দিন তিনেক আগে মহিলা সমিতিতে হল বরাদ্দ বাতিলের অভিযোগ তুলেছে নাট্যদল প্রাঙ্গণেমোর।

নাট্যদলটির দাবি, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তির পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করেছে।

তবে নাগরিক নাট্য সম্প্রদায়ের ভাষ্য, অনুমতি না নেওয়ায় প্রথমে আপত্তি জানালেও পরে প্রাঙ্গণেমোরকে নাটকটি মঞ্চায়নের লিখিত অনুমতি দেওয়া হয়েছে।

মহিলা সমিতি বলছে, বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর অনুমতির বিষয়টি জানানো হয়েছিল। স্বল্প সময়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে না পারায় বরাদ্দ পুনর্বহাল করা সম্ভব হয়নি।

‘দেওয়ান গাজীর কিসসা’র মহড়া
প্রাঙ্গণেমোরের সৌজন্যে

প্রাঙ্গণেমোর জানায়, ১৯ ও ২০ নভেম্বর মহিলা সমিতিতে নাটকটির দুটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। এ জন্য ১ নভেম্বর হল ভাড়াও পরিশোধ করেছিল তারা। কিন্তু প্রদর্শনীর আগমুহূর্তে হল বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে মহিলা সমিতি।

ব্রের্টল্ড ব্রেখটের গল্প থেকে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। ১৯৭৭ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথমবার মঞ্চে আসে। এবার মঞ্চে আনার কথা ছিল প্রাঙ্গণেমোরের।

প্রাঙ্গণেমোরের দাবি, আসাদুজ্জামান নূরের কাছ থেকে ২০২৪ সালের শুরুর দিকে নাটকটি মঞ্চায়নের মৌখিক অনুমতি নিয়েছিল নাট্যদলটি। ১৭ নভেম্বর প্রদর্শনীর লিখিত অনুমতি দেয় আসাদুজ্জামান নূরের পরিবার। সেই অনুমতিপত্রের কপি মহিলা সমিতিতে জমা দেওয়া হয়েছিল। এরপরও হল বরাদ্দ বহাল রাখা হয়নি বলে অভিযোগ নাট্যদলটির।

প্রাঙ্গণেমোর বলছে, ‘অনেক দর্শক অগ্রিম টিকিট বুক করেছিলেন। শেষ মুহূর্তে প্রদর্শনী বাতিল হওয়ায় আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।’

এর আগে ১৮ নভেম্বর নাটকটির মঞ্চায়নের জন্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তা বাতিল করে শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন

নাগরিকের আপত্তি ও অনুমতি

এক বিবৃতিতে নাগরিক নাট্য সম্প্রদায় জানিয়েছে, তাদের পূর্বানুমতি ছাড়া নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কারণে প্রাঙ্গণেমোরকে লিখিতভাবে নাটকটি মঞ্চায়ন না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে মহিলা সমিতিকেও বিষয়টি অবহিত করা হয়েছিল।

তবে পরে প্রাঙ্গণেমোরের আবেদনের পরিপ্রেক্ষিতে নাটকটি মঞ্চায়নের লিখিত অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়। অনুমতিপত্র সংযুক্ত করে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতি—দুই পক্ষকেই বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি তাদের।

নাটকটি মঞ্চায়নে সহযোগিতার জন্যও অনুরোধ করেছে নাগরিক। তাই এ ঘটনায় তাদের দায়ী করার যুক্তি নেই বলে মনে করে নাট্যদলটি।

তবু কেন প্রদর্শনী হলো না?

মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমান প্রথম আলোকে জানান, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তিতে হল বরাদ্দ বাতিল করা হয়।

পরে নাগরিক নাট্য সম্প্রদায়ের অনুমতিপত্র জমা দেওয়ার পরও নাটকটির প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়নি কেন? জানতে চাইলে তিনি বলেন, মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে দুটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে বরাদ্দ কমিটি সিদ্ধান্ত নেয়। এরপর তা নির্বাহী কমিটিতে (ইসি) অনুমোদিত হতে হয়। স্বল্প সময়ের মধ্যে আবার সভা করে সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি। এ কারণে প্রাঙ্গণেমোরকে জানানো হয়েছে, এত অল্প সময়ে সভা আয়োজন করে বরাদ্দ পুনর্বহাল করা যাচ্ছে না।

ভবিষ্যতে নতুন করে আবেদন করলে হল বরাদ্দ দেওয়া হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তামান্না রহমান। এ ক্ষেত্রে প্রথমে বরাদ্দ কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে। পরে তা নির্বাহী কমিটিতে পাঠানো হবে। সদস্যদের মতামতের ভিত্তিতে সেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।