ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে বৃত্তি, মাসে ২৫০০ টাকা পেতে করুন আবেদন

এসএসসি পরীক্ষার ফল মোবাইল ফোনে জানিয়ে দিচ্ছে এক শিক্ষার্থী।প্রথম আলো ফাইল ছবি

ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাংকটি। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুন

বৃত্তিতে আবেদনের যোগ্যতা—

বৃত্তির জন্য এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সিটি করপোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। একইভাবে জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পেতে হবে। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে।

বৃত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নীতিমালাও নির্ধারণ করেছে ডাচ্-বাংলা ব্যাংক। সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

এ ছাড়া গ্রামীণ ও অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির ৯০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।

বৃত্তি কত—

এই বৃত্তির আওতায় এইচএসসি পর্যায়ে দুই বছর শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি পাবে শিক্ষার্থীরা। এর পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLScholarship-এ প্রবেশ করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—

  • আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬।

  • প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে। এ কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

চূড়ান্ত ফলাফল ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন