দক্ষিণ কোরিয়ায় পড়তে আসার আগে নতুন শিক্ষার্থীদের জন্য কিছু বাস্তব পরামর্শ

ছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাত্র ৫ লাখ টাকায় কোরিয়ায় উচ্চশিক্ষা’ এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ভাবেন, কোরিয়ায় পৌঁছাতে পারলেই হয়তো জীবন বদলে যাবে, শুরু হবে লাখ টাকা আয়ের সুযোগ। কিন্তু বাস্তবতা সব সময় এতটা সহজ নয়!

দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর থাকার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে আসার আগে কয়েকটি বিষয় ভালোভাবে জেনে রাখা জরুরি। বিশেষ করে যাঁরা ২০২৭ সালে কিংবা তার পরবর্তী সময়ে পড়াশোনার জন্য কোরিয়ায় আসতে চান, তাঁদের জন্য নিজের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ তুলে ধরছি—

১. আসার আগেই কোরিয়ান ভাষা শিখুন—

কোরিয়ায় আসার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোরিয়ান ভাষাকে। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, বুসানে এমন অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা কোরিয়ায় আসার ছয় মাস কিংবা তারও বেশি সময় পার হওয়ার পরও একটি পার্টটাইম (খণ্ডকালীন) চাকরি খুঁজে পাননি। এর পেছনে অন্যতম প্রধান কারণ কোরিয়ান ভাষায় দক্ষতার অভাব।

বিশেষ করে আমাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের সামর্থ্যের বাইরে গিয়ে বারবার টাকা চাওয়ার সুযোগও থাকে না। ফলে কাজ না পেয়ে একসময় থাকা-খাওয়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়ে। কেউ কেউ সত্যিই ভয়াবহ আর্থিক সংকটে পড়েন। অথচ কোরিয়ান ভাষার বেসিকটুকু জানা থাকলেও অন্তত কাজ খোঁজা এবং নিজের দৈনন্দিন জীবন সামলানো অনেক সহজ হয়। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, কোরিয়ায় আসার আগে অন্তত প্রাথমিক কোরিয়ান ভাষাটুকু শিখে আসেন।

আরও পড়ুন
ছবি: লেখক

২. প্রথম সেমিস্টার থেকেই পড়াশোনায় মনোযোগ দিন—

কোরিয়ায় আসার পর অনেক শিক্ষার্থী নিজের খরচ চালানোর জন্য পার্টটাইম কাজকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। কিন্তু শুরুতেই এই ভারসাম্য হারিয়ে ফেললে পরবর্তী সময়ে তার প্রভাব পড়তে পারে পুরো একাডেমিক জীবনে।

একটি সহজ উদাহরণ দিই।

ধরুন, একজন শিক্ষার্থী প্রথম সেমিস্টারে ভালো সিজিপিএ (CGPA) অর্জন করলেন। ফলে পরবর্তী সেমিস্টারে বিশ্ববিদ্যালয় থেকে ৫০-৬০ শতাংশ বা তার বেশি টিউশন ফি স্কলারশিপ পেলেন। এতে তাঁর পড়াশোনার খরচ অনেকটাই কমে গেল। এখন তিনি তুলনামূলক কম কাজ করেও নিজের খরচ সামলাতে পারবেন।

অন্যদিকে আরেকজন শিক্ষার্থী প্রথম থেকেই পড়াশোনার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিলেন। ফলে ভালো সিজিপিএ করতে পারলেন না এবং স্কলারশিপও পেলেন না। এখন তাঁকে পুরো টিউশন ফি নিজের পকেট থেকে দিতে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর থাকার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে আসার আগে কয়েকটি বিষয় ভালোভাবে জেনে রাখা জরুরি।

প্রথম সেমিস্টারে অতিরিক্ত কাজ করে যে টাকা উপার্জন করেছিলেন, পরের সেমিস্টারে স্কলারশিপ না পাওয়ার কারণে সেই টাকার বড় একটি অংশই আবার টিউশন ফি হিসেবে চলে যাচ্ছে। এভাবে একটি চক্র তৈরি হয়, স্কলারশিপ নেই, তাই বেশি কাজ করতে হচ্ছে; বেশি কাজের কারণে পড়াশোনার ক্ষতি হচ্ছে; আর পড়াশোনার ক্ষতির কারণে পরের সেমিস্টারেও স্কলারশিপ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

তাই আমার পরামর্শ, প্রথম সেমিস্টার থেকেই পড়াশোনাকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, পার্টটাইম কাজ আপনার খরচ চালানোর মাধ্যম, কিন্তু কোরিয়ায় আসার মূল উদ্দেশ্য উচ্চশিক্ষা অর্জন করা।

আরও পড়ুন

৩. কাজের বাস্তবতা বুঝে আসুন—

কোরিয়ায় এসে পার্টটাইম কাজ করা অনেক শিক্ষার্থীর জীবনেই একটি বাস্তবতা। তবে এখানে কাজের পরিবেশ সব সময় আপনার প্রত্যাশামতো সহজ হবে, এমনটা ভাবার কারণ নেই। কিছু কাজ বেশ শারীরিক পরিশ্রমের। কোথাও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, কোথাও দ্রুত কাজ করতে হয়। আবার অনেক ক্ষেত্রে কোরিয়ান ভাষা জানা এবং কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

অনেকে দেশে থাকতে ভাবেন কোরিয়ায় গিয়ে সহজেই একটি ভালো পার্টটাইম কাজ পেয়ে যাবেন। কিন্তু বাস্তবে কাজ খুঁজতে সময় লাগতে পারে, আর পছন্দমতো কাজ পাওয়াও সব সময় সম্ভব হয় না। তাই আসার আগে কাজের পরিবেশ সম্পর্কে ধারণা রাখুন। সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো একটি মাইন্ডসেট তৈরি করুন।

আরও পড়ুন
লেখক

শেষ কথা—

দক্ষিণ কোরিয়ায় আসার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক সামর্থ্য, পড়াশোনার পরিকল্পনা এবং মানিয়ে নেওয়ার সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। শুধু বিদেশে আসতে পারাটাই সাফল্য নয়। স্বপ্ন নিয়ে আসেন, তবে বাস্তবতা বুঝে প্রস্তুতিও নিয়ে আসেন।

আরও পড়ুন