তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা
দেশের বাজারে তিন দিন বৃদ্ধির পর সোনার দাম এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সোনার নতুন দাম আজ শুক্রবার সকালে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দর ঘোষণা করেছে। এর আগে তিন দিন সোনার দাম বেড়েছে। তার মধ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়। এতে করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা
নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গয়নার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।