হামে শিশুটির মৃত্যু, পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়
হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুতে তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। শিশুটির বাবার করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণসচিব, ঢাকার জেলা প্রশাসক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী মো. জুয়েল আজাদ।
হামের টিকা সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিতে গাফিলতি এবং হামে শিশু মো. সাফোয়ান ইসলাম জাহিনের মৃত্যুর অভিযোগ তুলে ও ক্ষতিপূরণ চেয়ে গত ৫ জুলাই রিটটি করেন শিশুটির বাবা মো. শাকিল। ৭ মাস ৩ দিন বয়সী শিশুটি হামে শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে গত ২৬ মে মারা যায়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস শুনানিতে অংশ নেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে (২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি) টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া বিলম্বিত ও ব্যাহত হয় বলে জানান আইনজীবী জুয়েল আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, যেহেতু তখন ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান ছিলেন, সে জন্য টিকা প্রদান কর্মসূচি স্বাভাবিক রাখা তাঁর দায়িত্ব ছিল। সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী চিকিৎসাসহ মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না। যে কারণে রিটটি করা হয়।