শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি: প্রথম আলো

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিন সাংবাদিক হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ আদেশ দেন।

শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।

আজকের শুনানিতে প্রসিকিউটর এস এম মইনুল করিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতন করার জন্য উসকানি দিয়েছিলেন এই তিন সাংবাদিক।

এ সময় এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান প্রসিকিউটর মইনুল করিম। ট্রাইব্যুনাল আগামী ২৫ অক্টোবর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

এর আগে ১৭ আগস্ট এই তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ তাঁদের হাজির করা হয়।