সাবেক প্রধানসহ সিটিটিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় মোট আসামি ৫। আসাদুজ্জামান ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সিটিটিসির অপর তিন আসামি হলেন সাবেক পরিদর্শক মো. আসাদুজ্জামান, সাবেক পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ ও সাবেক এসআই তৌহিদুল ইসলাম সুমন। এ ছাড়া এই মামলায় আরেক আসামি সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ গ্রেপ্তার আছেন।
আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে। সেদিন এই মামলার গ্রেপ্তার আসামি ইশতিয়াককে হাজির করতে বলা হয়েছে। অপর চার আসামিকে গ্রেপ্তার করে হাজির করতে বলা হয়েছে।
আজ ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আবেদনের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, এই মামলার আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের জানুয়ারি মাসে মো. ফখরুল ইসলাম ও তাঁর ছেলে মো. সাইফুল ইসলাম, মো. দ্বীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হাফেজ আবদুল্লাহ আল মামুন ও মো. সুরুজ্জামানকে সিটিটিসির সপ্তম তলায় গোপন বন্দিশালায় গুম করে রাখা হয়। এ ছাড়া গাজীপুর মহানগরের ইবনে মাসউদ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবুল হোসেন আল-আমিনকে ২০২৩ সালের জানুয়ারি মাসে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে।