খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে বাসটির চালক মো. যুবরাজ (৩০) বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করেন।
এদিকে বাসটিতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ করা গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার সময় বাসটিতে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর তিনি লাফ দিয়ে নিচে নেমে প্রাণে রক্ষা পান।
ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশনের অবস্থান। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসচালকের সহকারী এর ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে তাঁদের চেহারা বোঝা যাচ্ছে না। তাঁদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।