সুনামগঞ্জে কলেজে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের সময় সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরেছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ইটপাটকেলের আঘাতে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় এই ঘটনা ঘটে।

এতে সুনামগঞ্জ-সিলেট সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির পৃথক মিছিল বের করে। উভয় সংগঠনের মিছিল কলেজের প্রধান ফটকের সামনে এলে নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

পরে সংঘর্ষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরবর্তী সময়ে ছাত্রশিবিরের কয়েকজন কর্মী কলেজের বাইরের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর ছাত্রশিবিরের নেতা–কর্মীরা হামলা করেন।’

তবে পাল্টা অভিযোগ করে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি জুনায়েদ আহমদ বলেছেন, প্রতিবছরের মতো ছাত্রশিবির নবীনবরণ ঘিরে শিক্ষাবান্ধব কর্মসূচি হাতে নিয়েছিল। শিক্ষার্থীদের নানা উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়ার সময় ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের ওপর ন্যক্কারজনকভাবে আক্রমণ করেছেন।’

গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম বলেন, কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের গেটের বাইরে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচলও স্বাভাবিক করে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।