নোয়াখালীতে মুখোশ পরা অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি বাজারে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্কুলশিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী সবাই মুখোশ পরা ছিল।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাঁদের সবার শরীরের বিভিন্ন জায়গায় ছররা গুলি লেগেছে।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পরা ১০ থেকে ১২ অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে আসে। এরপর তারা ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। পরে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সড়কে চলাচলকারী স্কুলশিক্ষক রাজিবুজ্জামান আর দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।
রাজিবুজ্জামানের পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে বলে জানান তাঁর শ্যালক মো. সুমন। তাঁকে তাঁরা বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা তাঁর দোকানের সামনেও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। সবাই মুখোশ পরা ছিল। পরে এলোপাতাড়ি গুলি করতে করতে তারা চলে যায়।
রাজিবুজ্জামানের পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে বলে জানান তাঁর শ্যালক মো. সুমন। তাঁকে তাঁরা বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গতকাল দিবাগত রাত একটার দিকে বেগমগঞ্জ উপজেলা থেকে সাকিব ও নাজিম নামের দুজন ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। তিনি বলেন, ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হয়েছেন বলে তাঁরা তথ্য পেয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহত ব্যক্তিদের সঙ্গে আজকে যোগাযোগ করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।