পাবনায় গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
পাবনার ঈশ্বরদীতে গুলি করে গাড়ি থামিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম ওরফে শরিফকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
গতকাল রাতে শরিফুল ব্যক্তিগত গাড়ি চালিয়ে জয়নগরে নিজের বাড়িতে ফিরছিলেন বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। তাঁর গাড়ি জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় শরিফুল গাড়ি থামালে দুর্বৃত্তরা তাঁকে গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
হামলায় শরিফুলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এনামুল হক, ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক
পরে স্থানীয় লোকজন শরিফুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হামলায় শরিফুলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানান ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক। তিনি বলেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।