চট্টগ্রাম নগরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, জুলাইয়ে আক্রান্ত ৪৫০ ছাড়াল

ডেঙ্গু মশাপ্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার (রোববার সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা তিন। এর মধ্যে শুধু জুলাই মাসে মারা গেছেন দুজন।

মারা যাওয়া নারীর নাম নুরজাহান বেগম (৬০)। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। তাঁকে মৃত অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত ‘মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম’ এবং ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের’ পাশাপাশি উচ্চ রক্তচাপ জটিলতায় ভুগছিলেন তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে, ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন করে সম্মিলিত সামরিক হাসপাতাল এবং চট্টগ্রাম জেলারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নগরের, ১০ জন বিভিন্ন উপজেলা এবং ১ জন অন্য জেলার বাসিন্দা।

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন। এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় ফেব্রুয়ারি মাসে। বাকি দুজনের একজন মারা গেছেন ১১ জুলাই। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নগরের ও একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সময়মতো চিকিৎসা নিলে এবং সচেতন থাকলে আক্রান্ত কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছি।’