শ্রীপুরে নদীতে গোসলে নেমে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু

মাখমুদুল হাসান ও মোকতাসিন আলমছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নদীতে গোসলে নেমে পঞ্চম শ্রেণির দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপতা গ্রামের হাজিবাড়ি এলাকায় সূতিয়া নদীতে ওই ঘটনা ঘটে।

ওই দুই শিক্ষার্থী হলো উপজেলার বাপতা পশ্চিমপাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে মো. মোকতাসিন আলম (১১) ও বেলদিয়া গ্রামের ভাটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মাখমুদুল হাসান (১১)। তারা দুজনেই বাপতা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে আধা ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করে। পরে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা দোয়ায় অংশ নেয়। দুপুর ১২টার দিকে অনুষ্ঠান শেষ হলে সবাইকে ছুটি দেওয়া হয়। এরপর আশপাশের লোকজনের কাছ থেকে ওই দুই ছাত্রের দুর্ঘটনার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যান তাঁরা।

বাপতা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনুল করিম বলেন, পঞ্চম শ্রেণিতে ৩৭ জন শিক্ষার্থী। দুর্ঘটনার শিকার দুই শিক্ষার্থী আজ বিদ্যালয়ে আসেনি। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান।

ওই দুই শিক্ষার্থীর সহপাঠী সাকিব হাসান বলে, তারা ছয় বন্ধু মিলে বিদ্যালয়ের অদূরে সূতিয়া নদীর পানিতে নামে। মাখমুদুল সাঁতার জানত। তবে মোকতাসিন সাঁতার জানত না। এ সময় বেশি পানিতে চলে গেলে মোকতাসিন প্রাণে বাঁচতে মাখমুদুলকে জাপটে ধরে। এতে দুজনই তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন পানির নিচ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় মো. আরমান বলেন, ‘মোকতাসিন আলম ও মাখমুদুল হাসান একই বিদ্যালয়ের একই শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের কাছে জানতে পেরেছি, তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলার পর তারা সবাই মিলে নদীতে গোসলে নামলে ওই দুজন দুর্ঘটনার শিকার হয়।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, বিদ্যালয়ের পাশের নদীতে সহপাঠীদের নিয়ে গোসলে নেমে ওই দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুই পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।