নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক, নিয়ে যাওয়ার সময় ইটের টুকরার আঘাতে ওসি আহত

শিশু ধর্ষণপ্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোববার রাতে সদর উপজেলার ফতুল্লায় এ ঘটনা ঘটে।

আটক জাকির হোসেন (৫৫) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফতুল্লার একটি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির তাকে পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাঁর বাড়ির সামনে জড়ো হন।

ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জাকির নিজেকে রক্ষার জন্য ঘরের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ জাকিরকে ঘর থেকে বের করে থানায় নেওয়ার চেষ্টা করে।

পুলিশের ভাষ্য, রাত ১০টার দিকে জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছোড়া হয়। এতে ওসির মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। সহকর্মীরা তাঁকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটের টুকরা ওসি মাথায় আঘাত পেয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।