বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলছবি: ভিডিও থেকে

চট্টগ্রামের বাঁশখালীতে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল রাতেই এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩ মিনিট ৫৩ সেকেন্ডের। ভিডিওতে দেখা যায়, ৫০-৬০ জন নেতা-কর্মী মশাল হাতে নিয়ে মিছিল করছেন। এ সময় নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় তাঁদের। মিছিল শেষে বক্তব্য দেন কয়েকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি হয়েছে। এর আগে গত বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ।

মশালমিছিলের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেবেন।