মহাসড়কে বিকল হয়ে পড়া কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩

দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান। আজ সকালে তোলাছবি: হাইওয়ে পুলিশের সৌজন্যে

মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কাভার্ড ভ্যান। সেটি সরিয়ে নিতে আনা হয়েছিল একটি লরি। এরপর সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়। তবে এর মধ্যেই হঠাৎ কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সহকারীও।

আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরোনো মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক ও সহকারীকে আহত অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক কাভার্ড ভ্যানের চালক, সহকারী এবং বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত বাসের সহকারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বেলা ১১টা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান, লরি ও যাত্রীবাহী বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।