সিলেটে হাসপাতালে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে পড়ে রোগীর মৃত্যু

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালফাইল ছবি: প্রথম আলো

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লতিয়া পাড়ার বাসিন্দা। তাঁর স্বজনেরা জানান, গত মঙ্গলবার ‘হারপিক’ পান করার পর তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে আলমগীরকে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে ছিলেন শ্যালক নূর আলী। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে হাসপাতালের পঞ্চম তলা থেকে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।

নূর আলী বলেন, তাঁর দুলাভাইয়ের মানসিক সমস্যা ছিল। এ জন্য তাঁকে মানসিক চিকিৎসাও করানো হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমগীর তাঁদের বাড়িতে হারপিক পান করেন। পরে বিকেলে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল আটটার দিকে আলমগীর বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করার কথা বলেন। তিনি তাঁকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। তবে নিজের পায়ে সমস্যা থাকায় তাঁর সঙ্গে যেতে পারেননি। আলমগীর তখন বাইরে বের হয়ে ষষ্ঠ তলার দিকে ওঠার সিঁড়ির কাছে চলে যান। কিছুক্ষণ পর লোকজনকে সিঁড়ির নিচের দিকে তাকাতে দেখেন। তখন জানতে পারেন, আলমগীর সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মঞ্জুরুল আলম বলেন, আজ সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলা থেকে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে চিকিৎসাধীন এক রোগী নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।