রাজশাহীতে পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গতকাল শনিবার বিকেলে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ তল্লাশিচৌকিতে অভিযান চালানো হয়। সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

ওই দিন বিকেল পাঁচটার পর কাটাখালী পৌর এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। তারা সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে তারা। এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান প্রথম আলোকে বলেন, কাটাখালী তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহী সিগন্যাল অমান্য করেন। তাঁদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এদিকে একই দিন বিকেলে মতিহার থানার আওতাধীন চৌদ্দপাই বিহাস এলাকায় আরেকটি তল্লাশিচৌকিতেও একই ধরনের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেখানে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দায়িত্ব পালনরত মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদকে ধাক্কা দিয়ে ফেলে চলে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।