দিনাজপুরে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
পরনে স্কুলড্রেস, পিঠে ব্যাগ। মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল শিফা মণি (৯)। হঠাৎ পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা। মায়ের হাত ছেড়ে ছিটকে পড়ে সড়কে। মুহূর্তেই সব শেষ। ঘটনাস্থলেই মারা যায় শিফা মণি।
আজ মঙ্গলবার সকাল পৌনে আটটায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাসান আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
নিহত শিফা মণি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ে আয়া পদে কর্মরত।
দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন শিফাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিফা। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন শিফাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করে থানায় রাখা হয়েছে বলে জানান ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফেরদৌস আলম। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।