বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার: পুলিশ
রাজধানীর বনশ্রী এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
অন্যদিকে রাজধানীর রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আশরাফুল। পুলিশ বলছে, আশরাফুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।
এ ছাড়া তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বিপ্লব খান (৩৩)।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বনশ্রীর জি–ব্লক এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আজ সোমবার এক খুদে বার্তায় জানায়, গতকাল রোববার রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুলকে হাতেনাতে ধরা হয়। তাঁর কাছে ককটেল পাওয়া যায়।
অন্যদিকে গতকাল দিবাগত রাতে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপ্লব গ্রেপ্তার হন।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ডিএমপির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এই হামলার ঘটনাটি ঘটে ৫ নভেম্বর। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে পাঁচজনকে। এ ছাড়া স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। মোট গ্রেপ্তার ১২ জন।
কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ও পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট–নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এদিকে গত শনিবার রাত ১০টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকায় ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।