সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ঢাকা ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনাবাগিচায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তার মহিউদ্দিন চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এ নিয়ে ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। ওই রাতেই সালমান মুক্তাদির ভাঙচুর হওয়া তাঁর স্টুডিও নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে দেশজুড়ে আলোচনা হয়।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গত শনিবার রাতে। ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ
ফাইল ছবি

মিরপুরে গভীর রাতে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পরের রাতে এ হামলার ঘটনা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করে।

এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

তিন আসামি রিমান্ডে

এই হামলা–লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অপর তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)। মামলার তদন্ত কর্মকর্তা এদিন আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বলা হয়, আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী দলবদ্ধ হয়ে এ হামলা চালায়। এ ঘটনায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারী ব্যক্তিরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইক্যুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

বাদী প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ওই সময়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাট করা হয়।

ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারী ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন। এ সময় পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের পাঁচটি গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়।

আরও পড়ুন