উত্তরায় রাজউকের আবাসন প্রকল্পে অবৈধ দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ, বাসিন্দাদের মানববন্ধন

রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেন বাসিন্দারা। আজ শুক্রবার সকালেছবি: প্রথম আলো

‘তারা আমাদের হাঁটার জায়গা দখল করতে চায়, এখানকার ময়লা পরিশোধনাগার দখল করে বাজার বসাতে চায়। আমরা এটি হতে দিতে পারি না।’ কথাগুলো বলছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে আয়োজিত মানববন্ধনে এ কথাগুলো বলেন মো. জাহাঙ্গীর আলম।

রুয়াপের ৬ নম্বর প্রবেশপথের বিপরীতে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক বাসিন্দা অংশ নিয়ে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁদের অবস্থান জানান। যেখানে মানববন্ধনে দাঁড়ান বাসিন্দারা, তাঁর বিপরীতে মূল সড়কের ওপরেই বসানো হয়েছে বাজার। বিষয়টি নিয়ে মানববন্ধন থেকে ক্ষোভ জানানো হয়।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে রুয়াপের ভেতরের এবং বাইরের কয়েকজন মিলে চাঁদাবাজি ও দখলবাজি করতে চায়, আমরা এগুলো চাই না। কোনো প্রকার অবৈধ স্থাপনা ও দখল আমরা এখানে চাই না।’

বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে রাজউক সমাপ্তির নোটিশ দেওয়ায় আবাসিক এলাকাটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। এ সুযোগে একটি চক্র আবাসিক এলাকার বিভিন্ন স্থানে অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত।

মানববন্ধন থেকে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বাসিন্দারা। একই সঙ্গে আবাসিক এলাকার খেলার মাঠ, সবুজায়নের স্থান, সড়ক ও ফুটপাতের অবৈধ দখল বন্ধ এবং মাদক ব্যবসা ও চাঁদাবাজি উচ্ছেদের দাবি জানান তাঁরা।

বাসিন্দাদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ১০ বছর ব্যয় করেও পুরোপুরি শেষ হয়নি। আবাসিক এলাকার বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার, পার্কিং ভবন, সুইমিং পুল ও ব্যায়ামাগার কমপ্লেক্সের কাজ অসম্পূর্ণ রয়েছে। এ ছাড়া বিভিন্ন ভবনে এখনো বরাদ্দ না দেওয়া ফ্ল্যাট রয়েছে বলে দাবি তাঁদের।

আবাসিক এলাকায় মাদক সেবন ও ব্যবসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সন্ধ্যার পর আবাসিক এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় ও বহিরাগত তরুণদের আড্ডা বসে। এসব স্থানে মধ্যরাত পর্যন্ত মাদক সেবন চলে। ‘একটি চক্রের’ সহায়তায় সেখানে মাদক ব্যবসা বিস্তারের অভিযোগও করেন তাঁরা।

মানববন্ধনে রুয়াপের জ্যেষ্ঠ নাগরিকদের সংগঠন ‘নিসর্গ নীলিমা’র উদ্যোক্তা নিলোফার জাহান ববি বলেন, ‘আমরা একটি সরকারি আবাসিক এলাকায় থাকি। এখানে অবৈধ দখল ও চাঁদাবাজি হচ্ছে। আমরা এসব চাই না। আমরা বসবাসের উপযোগী একটি রুয়াপ চাই।’

রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেন বাসিন্দারা। আজ শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

রুয়াপের বাসিন্দা কৃষিবিদ শাহীন আনোয়ার মানববন্ধনে বলেন, ‘আমরা সম্মিলিতভাবে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো অন্যায় মেনে নেব না।’

রুয়াপের আরেক বাসিন্দা মানিক মানবিক বলেন, ‘এখানে কতিপয় লোক, যারা রুয়াপে বাসিন্দা, তারা রাজনৈতিক ছত্রছায়ায় রুয়াপের বিভিন্ন জায়গা ও রাস্তা দখল করতে চায়। সকালে বাজার বসে, বিকেলে বাজার বসে। জনসমাগমের আশপাশে মাদকের আড্ডা বসে। এসব চলতে দেওয়া যাবে না।’