একই সময়ে তিন কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই জায়গায় ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল বুধবার মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (আজ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একই জায়গায় আর একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আজ দুপুর সাড়ে ১২টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং মবতন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।

একই সময় ও একই জায়গায় ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’–এর ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া আজ দুপুর ১২টায় ভাষাশহীদ রফিক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।