অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতিমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলবিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।