হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০টি শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, ও বরিশালে একজন করে শিশু মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭২৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৯৫ শিশু।
১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।